পুবের কলম ওয়েব ডেস্ক: সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুবিধা পেতে এবার আধার কার্ডের বদলে ভোটার আইডি ব্যবহার করা হবে বলে সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং। এই মন্তব্যের প্রেক্ষিতেই শুক্রবার কড়া ভাষায় নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, এটি শুধু ভোট চুরি নয়, বরং সাধারণ মানুষের অধিকার চুরির চরম নিদর্শন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে রাহুল গান্ধী অভিযোগ করেন, এই পরিকল্পনার গভীরে একটি বিরাট ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে।
কংগ্রেস নেতার আশঙ্কা, এমন একটি তালিকা তৈরির প্রস্তুতি চলছে যেখানে সব সময় বিজেপিরই সংখ্যাগরিষ্ঠতা থাকবে। আর সেই তালিকাই ঠিক করে দেবে কে সরকারি প্রকল্পের সুবিধা পাবেন আর কে পাবেন না। তিনি বলেন, যাঁরা বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে চান, বেছে বেছে তাঁদের নামই তালিকা থেকে বাদ দেওয়া হবে। নাম বাদ গেলে ভোটও যাবে, আর তার সঙ্গে যাবে নাগরিকের অধিকার।
রাহুলের কটাক্ষ, এইভাবে মানুষ একটি হাইজ্যাক হওয়া গণতন্ত্রের অদৃশ্য নাগরিকে পরিণত হবেন, যেখানে জনগণ সরকার নির্বাচন করবে না, বরং সরকার তার নিজের লোক বেছে নেবে। আজ পঞ্চায়েত রাজ প্রকল্পের ক্ষেত্রে এই নিয়ম হচ্ছে, আগামী দিনে রেশন, পেনশন, একশো দিনের কাজ, আবাসন, স্কলারশিপ বা সংরক্ষণের ক্ষেত্রেও এমনটা হতে পারে বলে তাঁর আশঙ্কা।
একটি ভিডিও ক্লিপ পোস্ট করে রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় জানান, ভোট দেওয়া সাধারণ মানুষের অধিকার, কোনও শর্ত নয়। গরিব মানুষের পেনশন কখনওই তাঁর ভোটার কার্ডের দাস হতে পারে না। এটি নিছক নির্বাচনে জেতার রাজনীতি নয়, বরং ক্ষমতা ধরে রাখার স্থায়ী বন্দোবস্ত। তিনি হুঙ্কার দিয়ে বলেন, "আমরা এমনটা হতে দেব না।" এর আগে বৃহস্পতিবারও কংগ্রেসের পক্ষ থেকে এই ইস্যু নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে বলা হয়েছিল যে "ভোট চুরি" তো কেবল ট্রেলার, আসল ছবিটা হলো "অধিকার চুরি"।