পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলাদেশের সাম্প্রতিক ছাত্রবিক্ষোভকে অনুপ্রেরণা হিসেবে দেখে ভারতেও সরকার পরিবর্তনের চেষ্টা চলছে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন আইসা প্রধান এবং আইনজীবী প্রশান্ত ভূষণ। এই অভিযোগ তুলে বিজেপি যখন বিভিন্ন রাজ্যে 'গণতন্ত্র বাঁচাও-অরাজকতা হটাও' কর্মসূচি শুরু করেছে, ঠিক তখনই ঝাড়খণ্ডের মন্ত্রী তথা কংগ্রেস নেতা ইরফান আনসারির একটি বিতর্কিত মন্তব্য গেরুয়া শিবিরের হাতে নতুন অস্ত্র তুলে দিল।
প্রকাশ্যেই ইরফান আনসারি বলেন, "গোটা দেশে আজ ৪০ লক্ষ যুবক রাস্তায় নেমেছেন। তাঁরা শুধুমাত্র রাহুল গান্ধীর দিকে তাকিয়ে শান্ত রয়েছেন।

রাহুল গান্ধী একবার ইশারা করলেই ভারতের পরিস্থিতি নেপাল ও বাংলাদেশের থেকেও খারাপ হয়ে যাবে।" সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, সরকারের উচিত সাধারণ মানুষের কাজ সহজ করা, কিন্তু তারা কাজকে আরও কঠিন করে তুলছে। অবিলম্বে মানুষের সমস্যা না মেটালে যুব সমাজ যে বড়সড় বিক্ষোভে নামবে, সেই হুঁশিয়ারিও দেন তিনি।
এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি।
গেরুয়া শিবিরের দাবি, ইরফান আনসারির এই মন্তব্য থেকেই প্রমাণ হয় যে দেশে অরাজকতা সৃষ্টি করাই কংগ্রেসের আসল উদ্দেশ্য। বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন এই মন্তব্যকে "কাণ্ডজ্ঞানহীন" বলে তোপ দেগেছেন। তিনি জানান, নির্বাচিত সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে এই ধরনের উসকানি দেওয়ার অধিকার কারও নেই এবং এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
উল্লেখ্য, রাহুল গান্ধীর নেতৃত্বে যে জ্ঞানেশ কুমার-বিরোধী আন্দোলন চলছে, বিজেপি সমর্থকরা প্রথম থেকেই তাকে বিদেশি ষড়যন্ত্র এবং নির্বাচিত সরকার ফেলার ছক বলে দাবি করে আসছেন। জেন-জি বিক্ষোভকে উসকে দিয়ে সরকার ফেলার চক্রান্ত চলছে বলেও অভিযোগ তাঁদের। আর এরই মধ্যে কংগ্রেস নেতা ইরফান আনসারির এই মন্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিল।