পুবের কলম ওয়েবডেস্ক :
ঝাড়খণ্ডের খুঁটি জেলায় স্কুটার দুর্ঘটনা দেখতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুতগতির ১৮ চাকার একটি ট্রাকের চাপায় চার মহিলা  ও তিন শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ বছর বয়সি এক শিশুও গুরুতর আহত হয়েছে।
 রাত পৌনে ১০টার দিকে খুঁটি জেলার কররা থানা এলাকার কররা-তোরপা প্রধান সড়কের জোনে-লুদরু মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ সংস্থার  প্রতিবেদন অনুযায়ী, প্রথমে একটি স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ঝোপে পড়ে যায়।

দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের বসতি থেকে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা স্কুটারচালককে উদ্ধারের চেষ্টা করছিলেন।
এ সময় তোরপার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ১৮ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে জড়ো হওয়া লোকজনের ওপর উঠে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে খুঁটি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতজনে।
নিহতদের মধ্যে চার মহিলা  ও তিন শিশু রয়েছে। তাদের সবাই ওই এলাকার কাছাকাছি একটি বসতির বাসিন্দা। নিহত শিশুদের মধ্যে মাত্র ১১ মাস বয়সি এক শিশুও রয়েছে। এ ঘটনায় পাঁচ বছর বয়সি খুশবু কুমারী গুরুতর আহত হয়েছে।
বর্তমানে খুঁটি সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি উদ্ধারকাজেও সহযোগিতা করেন। খবর পেয়ে কররা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
খুঁটির পুলিশ সুপার ঋষভ গর্গ জানিয়েছেন, দ্রুতগতির ট্রাকটি সড়কের পাশে থাকা লোকজনকে চাপা দেয়। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে  জানানো হয়েছে। তাঁদের শনাক্ত ও আটকের চেষ্টা করছে পুলিশ I