পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রের ‘অগ্নিপথ’ সামরিক নিয়োগ প্রকল্প দেশের নিরাপত্তাকে দুর্বল করে তুলেছে বলে অভিযোগ করল প্রধান বিরোধী দল কংগ্রেস। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই যোজনা সম্পূর্ণভাবে বাতিল করে প্রথাগত বা নিয়মিত সেনা নিয়োগের পুরোনো পদ্ধতিতে ফিরে যাওয়ার জোরালো দাবি জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। একই সঙ্গে, চার বছর পর চাকরি থেকে ছাঁটাই না করে যে ২৫ শতাংশ সেনাকে নিয়মিত করার কথা বলা হচ্ছে, তাঁদের নিয়োগের সূর্যাস্ত থেকেই নিয়মিত জওয়ানদের সমস্ত সুযোগ-সুবিধা ও বকেয়া সুবিধা দেওয়ার দাবি তুলেছে দলটি।
আরও পড়ুন:
কেন্দ্রীয় সরকার গত বুধবারই ঘোষণা করেছিল যে, চার বছরের মেয়াদ শেষে নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে অগ্নিবীরদের অতিরিক্ত দু’বছর চাকরির মেয়াদ বৃদ্ধি এবং পরবর্তীতে স্থায়ীভাবে নিয়োগ করা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন এবং তিন বাহিনীর পর্যালোচনার ভিত্তিতে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রহ্মণ্যম এই নতুন পরিবর্তনের কথা ঘোষণা করেন। এই ঘোষণার রেশ কাটতেই কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল কংগ্রেস।আরও পড়ুন:
কংগ্রেসের এক্স-সার্ভিসমেন ডিপার্টমেন্টের প্রধান তথা অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী প্রেস কনফারেন্সে আক্রমণ শানিয়ে বলেন, চার বছর আগে মোদী সরকার আমাদের সশস্ত্র বাহিনীর ওপর এই অগ্নিবীর প্রকল্প চাপিয়ে দিয়েছিল। সেই সময় তিন বাহিনীর প্রধানরাই জানিয়েছিলেন যে এই ধরনের কোনো পরিকল্পনা তাঁরা সরকারের কাছে চাননি।
তিনি আরও অভিযোগ করেন, "এই এমন একটি প্রকল্প যা আমাদের দেশের নিরাপত্তাকে দুর্বল করেছে। এই যোজনা চালুর পর থেকেই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের প্রাক্তনী বিভাগ এবং সমস্ত ‘ন্যায় যোদ্ধা’ দেশজুড়ে ‘জয়-জওয়ান অভিযান’ চালিয়ে এর বিরোধিতা করে আসছেন।"আরও পড়ুন:
কেন্দ্রের সিদ্ধান্তকে ‘তুঘলকি ফরমান’ আখ্যা দিয়ে রোহিত চৌধুরী দাবি করেন, "এই প্রকল্প চালুর পর থেকে আমাদের সেনাবাহিনীতে দু’লক্ষেরও বেশি জওয়ানের ঘাটতি দেখা দিয়েছে। শুধু তাই নয়, এর জেরে ১.৫ লক্ষ তরুণ-তরুণীর স্বপ্ন চূর্ণ হয়ে গেছে, যারা ইতিমধ্যে সেনাবাহিনী ও বিমান বাহিনীতে নির্বাচিত হয়ে যোগদানের অপেক্ষায় ছিলেন।"