পুবের কলম, ওয়েবডেস্ক: দীপাবলির মাত্র দু’দিন আগেই বায়ুদূষণের গ্রাসে রাজধানী দিল্লি ও সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চল। শনিবার সকালেও দিল্লির বাতাসের গুণমান ‘ভয়ানক খারাপ’ পর্যায়ে রইল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন সকাল ৮টায় দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৬৪। বেশ কিছু নজরদারি কেন্দ্রে এই সূচক ৪০১ থেকে ৫০০-র মধ্যে অর্থাৎ ‘অতীব বিপজ্জনক’ স্তর ছুঁয়েছে।

পরিস্থিতি আরও মারাত্মক হওয়ার আশঙ্কায় দ্য কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট-এর নির্দেশে এক দিন আগেই দিল্লি-এনসিআর জুড়ে কার্যকর করা হয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান-এর তৃতীয় পর্যায় বা জিআরএপি-৩।

শুক্রবার সকালে দিল্লির গড় একিউআই ছিল ৩৮৯। শনিবার সকালে সামান্য উন্নতি হলেও তা স্বস্তিদায়ক নয়। আইআইটি দিল্লিতে একিউআই রেকর্ড করা হয়েছে ৪৪৩, পাঞ্জাবি বাগ এলাকায় ৪৩৩ এবং নরেলায় ৪০৯—এই এলাকাগুলি সবকটিই ‘অতীব বিপজ্জনক’ তালিকায় রয়েছে।

অন্যদিকে দিল্লি ক্যাফে এলাকা (৩১৫) ও ধৌলা কুয়াঁ (৩১৮) ‘ভয়ানক খারাপ’ শ্রেণিতে এবং আনন্দ বিহারে সূচক ছিল ২৭২। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, এদিন ভোরে সফদরজঙে হালকা কুয়াশার দাপট ছিল এবং তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম অনুযায়ী, একিউআই সূচক ৩০১ থেকে ৪০০-র মধ্যে থাকলে তা 'ভয়ানক খারাপ' এবং ৪০১ থেকে ৫০০-র মধ্যে হলে তা 'অতীব বিপজ্জনক' বলে বিবেচিত হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর এবং ট্রপিক্যাল মেটিরিওলজির পূর্বাভাস পর্যালোচনা করে এই আগাম জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।