পুবের কলম ওয়েব ডেস্ক: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র  একটি পোস্টারকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, স্বামী বিবেকানন্দের ছবি দেওয়া একটি পোস্টারে আপত্তিকর শব্দ লেখা হয়েছিল এবং অন্যান্য সংগঠন সম্পর্কে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ গ্রহণ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনায় জড়িত দুই পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জানানো হয়েছে যে ভবিষ্যতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কোনও ডিগ্রি কোর্সে তাঁদের আর ভর্তি নেওয়া হবে না।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, ঘটনার তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পক্ষের বয়ানও রেকর্ড করা হয়েছে। সমস্ত দিক বিবেচনা করে তদন্ত কমিটি নিশ্চিত হয়েছে যে ওই দুই পড়ুয়াই এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। এরপরই তাঁদের বিরুদ্ধে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
এই প্রসঙ্গে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
তিনি জানান, স্বামী বিবেকানন্দের ছবিতে যারা 'ধর্ষক' লিখতে পারে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার নির্দেশ উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকেই দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই বিশ্ববিদ্যালয় তদন্ত করেছে এবং দোষ প্রমাণ হওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, স্বামীজির অপমান কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
অন্যদিকে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সর্বদা মর্যাদাপূর্ণ শিক্ষার পরিবেশ, যুক্তিনির্ভর আলোচনা এবং সুস্থ বিতর্কের পক্ষপাতী। মতাদর্শগত বিরোধ থাকতে পারে, কিন্তু কোনও মনীষী বা সংগঠনকে নিয়ে অশালীন মন্তব্য বা কুরুচিকর আচরণ কোনওভাবেই মেনে নেওয়া হবে না। শিক্ষাঙ্গনে শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে শিক্ষা মহল।