দীপাবলির আগে ফের ভয়াবহ রূপ নিল দিল্লির বায়ুদূষণ। শনিবার সকালে রাজধানীর গড় বায়ুর গুণমান সূচক (একিউআই) পৌঁছেছে ৩৬৬-তে। বাতাসের মান রয়েছে ‘অতি খারাপ’ পর্যায়ে। উদ্বেগের বিষয়, দিল্লির ২২টি পর্যবেক্ষণ কেন্দ্রে একিউআই ৪০০-র গণ্ডি ছাড়িয়েছে।
সবচেয়ে বেশি দূষণ রেকর্ড করা হয়েছে আর কে পুরমে। সেখানে একিউআইয়ের মাত্রা পৌঁছেছে ৪৪২-এ।আরও পড়ুন:
দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার, ৬ নভেম্বর থেকে দিল্লি-সহ সমগ্র জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (জিআরএপি) তৃতীয় পর্যায় কার্যকর করেছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। এই পর্যায়ে নির্মাণ ও ভাঙার কাজের একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বন্ধ রাখা হবে পাথর খাদান ও ক্রাশার সংক্রান্ত কাজও। পাশাপাশি দিল্লি, গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ এবং গৌতম বুদ্ধ নগরে বিএস-৩ পেট্রল ও বিএস-৪ ডিজেল চালিত চারচাকা গাড়ি চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।আরও পড়ুন:
দূষণের প্রভাব থেকে পড়ুয়াদের সুরক্ষায় পঞ্চম শ্রেণি পর্যন্ত অনলাইন ও অফলাইন মিলিয়ে হাইব্রিড পদ্ধতিতে ক্লাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানো এবং বাকিদের বাড়ি থেকে কাজের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে পারে সংশ্লিষ্ট সরকার।
আরও পড়ুন:
বিশেষজ্ঞদের সতর্কবার্তা, দীর্ঘক্ষণ দূষিত বাতাসে শ্বাস নিলে শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা বাড়তে পারে। তাই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনো, ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো এবং দূষিত বাতাসে দীর্ঘক্ষণ অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে।