পুবের কলম ওয়েব ডেস্ক: ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক মামলায় কলকাতা হাই কোর্টের দেওয়া রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী দীপাবলির পর শীর্ষ আদালতে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
রাজ্যে পালাবদলের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় একের পর এক মামলা দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে সেবাশ্রয়-সহ বিভিন্ন দুর্নীতি, ডিজে মামলা এবং বিধায়কদের সই জাল করার মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।

পাশাপাশি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।
এই সমস্ত মামলায় আইনি পদক্ষেপ থেকে বাঁচতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে রক্ষাকবচের আর্জি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ শুনানির পর হাই কোর্টের পক্ষ থেকে তাঁকে রক্ষাকবচ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবার হাই কোর্টের সেই নির্দেশকেই শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করতে চলেছে রাজ্য সরকার।