পুবের কলম, ওয়েবডেস্ক: কেরলের পূর্ত দপ্তরের সচিব থাকাকালীন সময়ের এক পুরোনো দুর্নীতি ও ঘুষ চাওয়ার অভিযোগে দেশের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করল রাজ্য সরকার। কেরল সরকারের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-কররাপশন ব্যুরো এই অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে।

শুক্রবার ভিজিল্যান্স দপ্তরের জারি করা সরকারি নির্দেশিকা অনুযায়ী, ভিঅ্যান্ডএসিবির ‘স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট-১’ এই প্রাথমিক তদন্তের দায়িত্বভার গ্রহণ করেছে। এক ঠিকাদারের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে।

অভিযোগকারী ঠিকাদার সাজনের দাবি, জ্ঞানেশ কুমার যখন রাজ্যের পিডব্লিউডি সচিব ছিলেন, সেই সময় সড়ক নির্মাণ প্রকল্পের বকেয়া বিলের অর্থ ছাড় করার জন্য তিনি ২ কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন।

সরকারি আধিকারিকদের দ্বারা বিল অনুমোদিত হওয়া সত্ত্বেও তৎকালীন সচিব জ্ঞানেশ কুমার প্রায় ১৭ কোটি টাকার চেক ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছিলেন বলে অভিযোগ।

এই ঘটনার প্রেক্ষাপট জড়িয়ে রয়েছে ২০০৬ সালে মালয়েশীয় নাগরিক তথা সিভিল ইঞ্জিনিয়ার লি সি বিন-এর আত্মহত্যার ঘটনার সঙ্গে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ‘মেইন সেন্ট্রাল রোড’ উন্নীতকরণ প্রকল্পের সঙ্গে যুক্ত পিএটিআই-বিইএল কনসোর্টিয়ামের হয়ে কাজ করছিলেন লি সি বিন। পরবর্তীতে নিজ দেশেই তাঁর আত্মহত্যার ঘটনার নেপথ্যে থাকা সুইসাইড নোটে জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ ছিল বলে দাবি করা হয়। ওই ঘটনার কিছুকাল পরেই কেন্দ্রীয় ডেপুটেশনে দিল্লি চলে যান জ্ঞানেশ কুমার।