পুবের কলম ওয়েব ডেস্ক: মধ্যরাতে রাস্তা দখল করে জন্মদিন পালনের অভিযোগকে কেন্দ্র করে শনিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট এলাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ও তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে বিজেপি সদস্যদের হাতাহাতি বাঁধে। পরিস্থিতি সামাল দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছলে প্রবল অশান্তি সৃষ্টি হয়। এই ঘটনার পর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন যে, তাঁকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে।


নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পরপর পোস্ট করে অভিষেক দাবি করেন, শুক্রবার রাত ২টো নাগাদ বিজেপির দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনে হামলা চালিয়েছে এবং সাদা পোশাকের পুলিশের গায়েও হাত তুলেছে। তাঁর অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর তাঁর জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। আর নিরাপত্তা কমানোর পর থেকেই তাঁকে হত্যার ষড়যন্ত্র চলছে। তাঁর দাবি, গত ছ'মাসে এ নিয়ে মোট সাতবার তাঁর উপর প্রাণঘাতী হামলার চেষ্টা হল।

অভিষেকের এই খুনের অভিযোগকে অবশ্য ফুৎকারে উড়িয়ে দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁকে তীব্র কটাক্ষ করে মন্ত্রী বলেন, রাস্তা দখল করে জন্মদিন পালন না করে বড় হোটেলে তা করা উচিত ছিল। দিলীপ ঘোষের দাবি, নিজেদের মধ্যে ঝামেলার কারণেই এই অশান্তি সৃষ্টি হয়েছে। অভিষেকের অভিযোগ উড়িয়ে তিনি পালটা প্রশ্ন তোলেন, "খুনের ষড়যন্ত্র করার মতো এত সময় কার আছে?" তাঁর মতে, বর্তমানে বিরোধী শিবিরের আর কিছু করার নেই, তাই এ ধরনের ভিত্তিহীন দাবি করে মানুষের সমবেদনা আদায়ের চেষ্টা চলছে।