পুবের কলম ওয়েব ডেস্ক: ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হওয়া টাকা নিয়ে মন্তব্যের জেরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করল অখিল ভারত হিন্দু মহাসভা। সম্প্রতি তৃণমূল সাংসদ অভিযোগ করেছিলেন যে, তাঁদের পার্টি অফিস থেকে পুলিশ যে কোটি টাকা উদ্ধারের দাবি করেছে, তা আসলে চক্রান্ত বা ‘প্লান্টেড’। তাঁর অভিযোগ ছিল, ডায়মন্ড হারবার থানার আইসি নিজের গাড়িতে করে ওই টাকা এনে পার্টি অফিসে রেখেছিলেন।
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ড. চন্দ্রচূড় গোস্বামী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে আরও একটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্বাচনী বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। হিন্দু মহাসভার দাবি, এই ধরনের মন্তব্য দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী। এর ফলে রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি নষ্ট হতে পারে। আগামী দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও অবনতি হলে তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবেন বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত, এর আগেও অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল হিন্দু মহাসভা।