পুবের কলম, ওয়েবডেস্ক: কয়েক দশকের রক্তক্ষয়ী নকশাল ও মাওবাদী হিংসা কাটিয়ে এ বছর সম্পূর্ণ নকশালমুক্ত এক নতুন ভারতে উদযাপিত হচ্ছে দীপাবলি। দেশের এই ঐতিহাসিক সাফল্যকে সামনে রেখে রবিবার ছত্তীসগঢ়ের মাওবাদী-সংক্রান্ত সংঘর্ষের কেন্দ্রস্থল বাস্তারের করণপুরে অবস্থিত সিওবিআরএ অপারেশনস বেসে নিরাপত্তাকর্মীদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জওয়ানদের দেশের সুরক্ষাকবচ ও নিজের ‘পরিবার’ বলে অভিহিত করে প্রধানমন্ত্রী জানান, চার-পাঁচ দশকের দীর্ঘ সংগ্রামের পর দেশ আজ সম্পূর্ণভাবে নকশালবাদ ও মাওবাদী আতঙ্ক থেকে মুক্ত হয়েছে।
আরও পড়ুন:
করণপুরে এই অপারেশনস বেসটি বহু বছর ধরে বাস্তার এবং অবুঝমাড় অঞ্চলে নকশালবিরোধী অভিযানের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র ও লঞ্চ প্যাড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেই বনের গভীরে দাঁড়িয়েই দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি।
আরও পড়ুন:
করণপুরে জওয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, "২০২৬ সালের এই দীপাবলি সত্য়ায় অত্যন্ত বিশেষ। প্রায় ৪০-৫০ বছর পর এমন এক দীপাবলি এসেছে, যখন দেশ থেকে মাওবাদী সন্ত্রাস সম্পূর্ণ দূর হয়েছে। দেশের একটি জেলাও আজ আর নকশাল প্রভাবিত নয় এবং কোটি কোটি দেশবাসী মাওবাদী ভয় কাটিয়ে শান্তিতে বসবাস করছেন।"
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর বক্তব্য, এই অভূতপূর্ব অর্জন নিরাপত্তাকর্মীদের আত্মত্যাগ, অসীম সাহস এবং প্রতিশ্রুতির ফসল। বিশ্বজুড়ে মানুষ যখন পরিবারের সঙ্গে উৎসবে মাতেন, তখন দেশের সীমানা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বীর সন্তানদের নিজের পরিবারের সদস্য মনে করেই তিনি বাস্তারের এই জঙ্গলে ছুটে এসেছেন।