পুবের কলম ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় এবার দীপাবলি উৎসব সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে কাটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার, আলোর উৎসবের দিন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সীমান্তে বিএসএফ ক্যাম্পে গিয়ে জওয়ানদের সঙ্গে সময় কাটান এবং তাঁদের মিষ্টিমুখ করান তিনি।
এই সফরের অন্যতম বড় চমক ছিল মুখ্যমন্ত্রীর একটি বিশেষ ঘোষণা। এদিন হিঙ্গলগঞ্জ থেকে তিনি জানান, সীমান্তে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আগামী ২০২৭ সাল থেকে জওয়ানদের ‘সীমামিত্র সম্মান’ প্রদান করবে রাজ্য সরকার।
রবিবার সকালে হিঙ্গলগঞ্জের ক্যাম্পে মুখ্যমন্ত্রী পৌঁছলে বিএসএফ আধিকারিকরা তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। মুখ্যমন্ত্রীও নিজের হাতে জওয়ানদের মধ্যে মিষ্টি বিতরণ করেন এবং উপহার হিসেবে তাঁদের হাতে বেশ কিছু প্রদীপ তুলে দেন।
এরপর বক্তব্য রাখতে গিয়ে বিগত সরকারের আচরণের জন্য বিএসএফ জওয়ানদের কাছে ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগের সরকার বিএসএফের উদ্দেশে খারাপ ভাষা ব্যবহার করেছিল এবং কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি আটকে অসহযোগিতা করেছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই সেই বকেয়া জমি দিয়ে দিয়েছে বলে জানান তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী জওয়ানদের আশ্বস্ত করে বলেন, আগামী দিনে সীমান্ত সুরক্ষিত করার স্বার্থে প্রয়োজন হলে রাজ্য সরকার আরও জমি প্রদান করবে।