পুবের কলম ওয়েব ডেস্ক: স্কুলপড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলে এবার থেকে মিড ডে মিল বা 'পিএম পোষণ' প্রকল্পের খাবার সরবরাহ করবে ইসকনের অন্নামৃত ফাউন্ডেশন। শনিবার রাজ্য সরকারের তরফে এই বিষয়ে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতদিন শুধুমাত্র কলকাতার হাতে গোনা কয়েকটি সরকারি স্কুলে অন্নামৃত ফাউন্ডেশনের তরফ থেকে এই খাবার দেওয়া হতো।
বিজ্ঞপ্তিতে রান্না সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, গোটা রাজ্যে মিড ডে মিল প্রস্তুত করার জন্য কেন্দ্রীয় রান্নাঘর বা 'সেন্ট্রাল কিচেন' তৈরি করা হবে। এই রান্নাঘর তৈরির উপযুক্ত জায়গা চিহ্নিত করার ক্ষেত্রে অন্নামৃত ফাউন্ডেশনকে পুরোপুরি সহযোগিতা করবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। তবে গোটা বিষয়টি নিশ্চিত হলেও একটি প্রশ্ন এখনও অমীমাংসিত রয়ে গিয়েছে। মিড ডে মিলে পড়ুয়াদের জন্য বরাদ্দ ডিম ইসকনই সরবরাহ করবে, নাকি তা আগের মতো স্কুল কর্তৃপক্ষের দায়িত্বেই থাকবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।