পুবের কলম, নয়াদিল্লি: কর্নাটকের একাধিক পেট্রোল পাম্পে পেট্রোলে নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি (৩১ শতাংশ) ইথানল মেশানো হচ্ছে বলে যে দাবি রাজ্য সরকার করেছিল, তা সরাসরি খারিজ করে দিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। শনিবার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি কর্নাটক সহ দেশজুড়ে যে ইথানল মিশ্রিত পেট্রোল যোগান দিচ্ছে, তা নির্ধারিত ২০ শতাংশ ইথানল মিশ্রণের সরকারি নির্দেশিকা ও গুণমান বজায় রেখেই সরবরাহ করা হচ্ছে। ইন্ডিয়ান ওয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম—এই তিন রাষ্ট্রায়ত্ত সংস্থা অক্টোবর ২০২৬-এ কর্ণাটক সরকারের চালানো নমুনা সংগ্রহ ও পরীক্ষা পদ্ধতির বৈধতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।
 
তেল সংস্থাগুলির দাবি, দেশজুড়ে সরকারি নেটওয়ার্কের মাধ্যমে যে ইথানল পেট্রোল সরবরাহ করা হয়, তা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এর নির্দিষ্ট করা গুণমান বজায় রেখেই করা হয়।
সংস্থাগুলি অভিযোগ করেছে, কর্নাটক সরকারের অক্টোবর ২০২৬-এর অভিযানে ২০০৫ সালের ‘মোটর স্পিরিট অ্যান্ড হাই স্পিড ডিজেল অর্ডার’ এবং ২০২৪ সালের ‘মার্কেটিং ডিসিপ্লিন গাইডলাইনস’-এর নিয়ম পুরোপুরি অমান্য করা হয়েছে।