পশ্চিমবঙ্গের সব সরকারি স্কুলে মিড-ডে মিল বা প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের খাবার সরবরাহের দায়িত্ব দেওয়া হল ‘অন্নমৃত ফাউন্ডেশন’কে। ইসকন পরিচালিত এই সংস্থাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে শনিবার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর। তবে একসঙ্গে সব জেলায় এই ব্যবস্থা চালু হচ্ছে না। পর্যায়ক্রমে তা কার্যকর করা হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
আরও পড়ুন:
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত অগস্টের শুরুতে কলকাতার পাঁচশোরও বেশি স্কুলে অন্নমৃত ফাউন্ডেশনের মাধ্যমে খাবার সরবরাহ শুরু হয়। এর আগে হাওড়া, পুরুলিয়া, নন্দীগ্রামের ১ ও ২ নম্বর ব্লক এবং উত্তর ২৪ পরগনার রাজারহাট-নিউটাউন এলাকায় ইসকনের আরেকটি সংস্থা ‘অক্ষয়পাত্র ফাউন্ডেশন’কে মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার। উল্লেখ্য, কলকাতায় অক্ষয়পাত্রকে মিড-ডে মিলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘিরেও কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল।
সেই মামলা এখনও বিচারাধীন।আরও পড়ুন:
শনিবারের বিজ্ঞপ্তিতে রাজ্যের সব জেলাশাসককে সংশ্লিষ্ট স্কুলগুলির অবস্থান এবং পড়ুয়ার সংখ্যা সংক্রান্ত তথ্য অন্নমৃত ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রান্নাঘর তৈরির জন্য উপযুক্ত জায়গা চিহ্নিত করার ক্ষেত্রেও জেলা প্রশাসনকে সহযোগিতা করতে বলা হয়েছে।
আরও পড়ুন:
পিএম পোষণ প্রকল্পের রাজ্য প্রকল্প অধিকর্তার জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, স্কুলগুলিতে খাবার সরবরাহের জন্য অন্নমৃত ফাউন্ডেশনকে নীতিগত অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।
তবে সংস্থাটি কাজ শুরুর জন্য প্রস্তুত হলে পরবর্তী পর্যায়ে প্রয়োজনীয় ‘লেটার অফ অ্যাকসেপটেন্স’ দেওয়া হবে। রাজ্যের সব জেলার জেলাশাসকের পাশাপাশি শিলিগুড়ির মহকুমাশাসক এবং জিটিএ-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টরকেও প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।আরও পড়ুন:
এদিকে, এই সিদ্ধান্তকে ঘিরে শিক্ষক ও মিড-ডে মিল কর্মীদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া সামনে এসেছে। এপিজিটিডব্লিউএ-র রাজ্য সম্পাদক চন্দন গরাইয়ের মতে, এর ফলে শিক্ষকরা মিড-ডে মিল পরিচালনার বড় দায়িত্ব থেকে মুক্তি পাবেন। তাঁর বক্তব্য, এই দায়িত্ব পালনের কারণে পাঠদানে নানা সমস্যা হচ্ছিল।
আরও পড়ুন:
অন্যদিকে, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছেন, নতুন নির্দেশিকায় রাঁধুনি ও মিড-ডে মিল কর্মীদের চাকরি কিংবা বেতন সংক্রান্ত বিষয়ে কোনও স্পষ্ট সিদ্ধান্তের উল্লেখ নেই। ফলে তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।