পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্গাপুরে একটি জনসভায় যোগ দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি কটাক্ষ করে বলেন, তৃণমূল নেত্রীর উচিত বাংলাদেশে গিয়ে জামায়াতে ইসলামির প্রতীক নিয়ে ভোটে দাঁড়ানো, সেখানে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও থাকতে পারে।
বিজেপি সাংসদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের ভোট নিয়ে পুনরায় জেতার চেষ্টা করছেন, তাঁরা প্রত্যেকেই বাংলাদেশে চলে গিয়েছেন এবং সেখান থেকে আর এপারে আসতে পারবেন না। পাশাপাশি নাম করে একটি নির্দিষ্ট দলকে (সিজেপি) কটাক্ষ করে তিনি জানান, বিদেশি শক্তির কাছ থেকে টাকা নিয়ে এখানে বিভেদ সৃষ্টি করা বা দেশকে বাংলাদেশ বানানোর চেষ্টা কখনওই সফল হবে না।
কালীপুজোর আবহে দুর্গাপুরের এই সভায় বিরোধীদেরও একহাত নেন জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি দাবি করেন, বর্তমানে বিজেপির মিছিল বা কর্মসূচিতে মানুষের যে বিপুল উপস্থিতি ও জনসমর্থন দেখা যাচ্ছে, তা দেখেই বিরোধীরা চিন্তায় পড়ে গিয়েছেন এবং তাঁদের ঘুম উড়ে গিয়েছে। বিজেপি সাংসদের এই কড়া মন্তব্য ঘিরে বর্তমানে দুর্গাপুরের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।