অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশীবুগ্গায় শনিবার সকালে হৃদয়বিদারক দুর্ঘটনা। ‘মিনি তিরুপতি’ নামে পরিচিত ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের, আহত কমপক্ষে ১৭। মৃতদের অধিকাংশই মহিলা ও শিশু।

কার্তিক মাসের একাদশীর পুণ্য তিথিতে নবনির্মিত মন্দিরে ভক্তদের ভিড় ছিল উপচে পড়া।

প্রবেশ ও প্রস্থান পথ ছিল একটিই। অতিরিক্ত ভিড়ে হুড়োহুড়ি শুরু হতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কেউ শ্বাসরুদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, কেউ প্রিয়জনকে বাঁচানোর চেষ্টা করেন। চোখের সামনে তৈরি হয় এক ভয়াবহ দৃশ্য—রক্তে ভেজা মন্দির চত্বর, আর্তনাদে ভরা পরিবেশ।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা, আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।