আলোর উৎসব দেওয়ালির রাতেই মধ্যপ্রদেশে নেমে এল ভয়াবহ বিপর্যয়। রাজ্যের কাটনি ও সিওনি জেলায় পৃথক দু’টি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’মাসের শিশু, নাবালক ও প্রবীণ-সহ দুই পরিবারের মোট ১২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ছতরপুর জেলায় বাজি সংক্রান্ত একাধিক দুর্ঘটনায় অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন। পর পর এই দুর্ঘটনায় উৎসবের আনন্দের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে রাজ্যজুড়ে।

প্রথম মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাটনি জেলার বরহি শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতে একটি তিনতলা বাড়ির একতলায় থাকা বাসনপত্রের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ও ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে উপরের তলাগুলিতে। সেই সময় বাড়ির উপরের তলায় ঘুমিয়ে ছিলেন অগ্রবাল পরিবারের সদস্যরা।

আগুন লাগার পর পরিবারের দু’জন কোনওরকমে বাইরে বেরিয়ে আসতে পারলেও বাকিরা ভিতরে আটকে পড়েন।

খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রাতভর অভিযান চালায়। ভোর সাড়ে ৪টে নাগাদ ৭৭ বছর বয়সি পূরণ অগ্রবালকে উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ৬টা নাগাদ জেসিবি মেশিন দিয়ে বাড়ির দেওয়াল ভেঙে আরও পাঁচ জনের দেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। মৃতদের মধ্যে রয়েছেন পূরণের স্ত্রী চন্দ্রকলা (৭৪), পুত্রবধূ পুনম (৩৫), আর্য (১৪), অন্বী (৬) এবং মাত্র দু’মাসের এক শিশু।

মহকুমা পুলিশ আধিকারিক বীরেন্দ্র নারভে জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রদীপের আগুন অথবা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এই ঘটনায় দমকলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের অভিযোগ, বরহি ও বিজয়রাঘবগড় থেকে আসা দমকলের দু’টি ইঞ্জিনের পাইপ ফাটা ও ত্রুটিপূর্ণ ছিল। পরে কৈমোর ও কাটনি পুরসভার দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সিওনি জেলার ছপারা শহরের মহাবীর ওয়ার্ডে, একটি জৈন মন্দিরের কাছে। সেখানে স্বর্ণ ব্যবসায়ী কুন্দনলাল সোনির বাড়িতে রাত ৩টে থেকে ভোর সাড়ে ৪টের মধ্যে আগুন লাগে। পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে খবর, অগ্নিকাণ্ডের সময় বাড়ির ভিতরে ১০ জন ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাঁদের বেরিয়ে আসার সুযোগ প্রায় ছিল না।

লখনাউদনের মহকুমা পুলিশ আধিকারিক অপূর্ব ভলাবী জানিয়েছেন, এই ঘটনায় ছ’জনের মৃত্যু হয়েছে। দুই নাবালক-সহ চার জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতদের মধ্যে রয়েছেন ৭৫ বছর বয়সি কুন্দনলাল সোনি, তাঁর স্ত্রী রাজকুমারী সোনি (৬৫), ঋতু সোনি (৪২), স্মৃতি সোনি (৪০), সূর্য সোনি (৪৫) এবং আদিত্য সোনি (১৬)। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও জানা যায়নি। দুই ঘটনারই পৃথক তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

এদিকে, ছতরপুর জেলাতেও দেওয়ালির রাতে বাজি সংক্রান্ত একাধিক দুর্ঘটনা ঘটেছে। বাজির ফুলকি থেকে আগুন লাগা-সহ বিভিন্ন ঘটনায় অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন বলে খবর। আহতদের নিয়ে রাতভর জেলার বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগে ভিড় করেন তাঁদের পরিবারের সদস্যরা।

পর পর দু’টি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বাজি দুর্ঘটনায় বহু মানুষের হতাহতের ঘটনায় মধ্যপ্রদেশে উৎসবের আবহ মুহূর্তে শোকে পরিণত হয়েছে। একই সঙ্গে অগ্নিনির্বাপণ ব্যবস্থার প্রস্তুতি, দমকলের পরিকাঠামো এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজের সক্ষমতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।