পুবের কলম, ওয়েবডেস্ক: সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের আগামী ১২ ডিসেম্বর পরিবারসহ অযোধ্যার রামমন্দিরে যাওয়ার ঘোষণার পরই উত্তরপ্রদেশের রাজনীতিতে পারদ চড়ছে। শনিবার অযোধ্যার রামকথা পার্কে আয়োজিত দশম ‘দীপ উৎসব’-এর মঞ্চ থেকে অখিলেশ যাদবের নাম না করে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রামলল্লার দর্শনে আসার আগে ১৯৯০ সালে অযোধ্যায় করসেবকদের ওপর গুলি চালানোর ঘটনায় সমাজবাদী পার্টিকে 'রামভক্ত' ও সাধুসন্তদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
আয়োজিত দীপ উৎসবে উপস্থিত সাধুসন্ত ও পুণ্যার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "যাঁরা করসেবকদের ওপর গুলি চালিয়েছিলেন, অযোধ্যার রাজপথে রামভক্তদের রক্ত ঝরিয়েছিলেন, তাঁরা আজ এখানে আশীর্বাদ নিতে আসছেন!
অযোধ্যায় পা রাখার আগে তাঁদের উচিত করসেবক, সাধুসন্ত এবং অযোধ্যার সাধারণ মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাওয়া।" তাঁর বক্তব্য, অযোধ্যা কোনো একক রাজনৈতিক দল বা পরিবারের সম্পত্তি নয়। এটি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের পবিত্র ভূমি। কোটি কোটি রামভক্তের আবেগকে যাঁরা একদা আঘাত করেছিলেন, তাঁরা কেবল মন্দিরে পুজো দিয়ে নিজেদের সেই পাপ ধুয়ে ফেলতে পারবেন না।আরও পড়ুন:
রামমন্দির আন্দোলনের বিরোধিতাকারী শক্তিগুলি আজ রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলে অভিযোগ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "একসময় এরা বলত রামের নাকি কোনো অস্তিত্বই নেই! আজ তারাই রামলল্লার দর্শনে অযোধ্যায় আসছে। এটি দেশের কোটি কোটি সনাতনী মানুষের বিশ্বাসের জয়।"
আরও পড়ুন:
অন্যদিকে, সমাজবাদী পার্টির নেতা তেজ নারায়ণ পাণ্ডে বিজেপির এই আক্রমণের পাল্টা জবাবে জানিয়েছেন, অখিলেশ যাদব হনুমানগড়ী ও রামমন্দিরে পুজো দিতে আসছেন সম্পূর্ণ নিজের ভক্তি ও বিশ্বাসের তাগিদে। ধর্ম ও বিশ্বাস নিয়ে বিজেপির সংকীর্ণ রাজনীতি বন্ধ করা উচিত।