পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে আবেগের কোনও স্থান নেই বলে সাফ জানিয়ে দিলেন সেদেশের আইনমন্ত্রী মহম্মদ আসাদুজ্জামান। তাঁর মতে, শেখ হাসিনা একজন অপরাধী এবং ট্রাইব্যুনালে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাই তাঁর বিরুদ্ধে যাবতীয় পদক্ষেপ সম্পূর্ণ আইন মেনেই গ্রহণ করা হবে।
ঢাকায় একটি ওয়ার্কশপের উদ্বোধনে গিয়ে আসাদুজ্জামান জানান, তাঁর কাছে শেখ হাসিনার একমাত্র পরিচয় হল তিনি একজন অপরাধী। তাই আবেগের বশবর্তী না হয়ে কঠোরভাবে আইন অনুযায়ী তাঁর বিচার প্রক্রিয়া চলবে।

ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন প্রসঙ্গে তিনি জানান, চুক্তির শর্ত এবং সমস্ত নিয়মকানুন মেনেই হাসিনাকে ফেরানোর অনুরোধ জানানো হয়েছে। আপাতত এই বিষয়টি সম্পূর্ণভাবে ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে প্রবল গণআন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তারপর থেকেই তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেই আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন ও হত্যার অভিযোগে ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়।
২০২৫ সালে একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পরবর্তীকালে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
যদিও প্রথম থেকেই এই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এসেছেন শেখ হাসিনা। আওয়ামি লিগ নেত্রীকে ফেরানোর জন্য ভারতের ওপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে বর্তমান বিএনপি সরকার। এই টানাপোড়েনের মাঝেই আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা ঘোষণা করেছেন মুজিবকন্যা। তিনি জানিয়েছেন, তাঁর ভাগ্যে মৃত্যু লেখা থাকলে তিনি নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মাঝেই মরতে চান। দেশে ফেরার সিদ্ধান্তে তিনি অনড় থাকলেও, ঠিক কীভাবে তিনি বাংলাদেশে ফিরবেন তা এখনও স্পষ্ট করেননি।