পুবের কলম ওয়েবডেস্ক, বক্সা ব্যাঘ্র প্রকল্পে যেন কিছুতেই মন টিকছে না ‘ডুয়ার্স রানি’র! খাঁচায় ফেরানোর পাঁচ দিনের মধ্যেই আবার উধাও বাঘিনিটি। রবিবার দুপুরে বক্সার ২৫ মাইল এলাকার এনক্লোজার ছেড়ে ২৭ মাইলের দিকে চলে যায় সে। তার পর থেকেই জঙ্গলজুড়ে জারি হয়েছে সতর্কতা।

বনকর্মীদের ছুটিও বাতিল করেছে কর্তৃপক্ষ।


বাঘিনিটির গলায় থাকা রেডিও কলার ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। ফলে তার অবস্থান জানতে সমস্যা হচ্ছে বলে বন দপ্তর সূত্রের খবর। রাত পর্যন্ত তার হদিস মেলেনি।


ঘটনার সূত্রপাত বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পে। 

গত ২৯ সেপ্টেম্বর ঘুমপাড়ানি গুলিতে কাবু করার পর বাঘিনিটিকে বক্সায় আনা হয়। ৪ অক্টোবর এনক্লোজার ছেড়ে অসমের রাইমোনা জঙ্গলে পৌঁছে যায় সে। ৩ নভেম্বর ফের তাকে ধরে বক্সায় ফেরানো হয়েছিল। কিন্তু পাঁচ দিনের বেশি খাঁচাবন্দি থাকতে নারাজ সে! এবার তার খোঁজে রাতের ঘুম উড়েছে বনকর্মীদের।