হরমুজ প্রণালিতে নৌ অবরোধের পর এবার ইরানের স্থলভিত্তিক সরবরাহ ব্যবস্থার ওপরও চাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে উন্নত অস্ত্র, সামরিক সরঞ্জাম ও অন্যান্য নিষেধাজ্ঞাপ্রাপ্ত উপকরণ পৌঁছনো বন্ধ করতে নতুন একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেনটকম)। শনিবার এই ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে মার্কিন সামরিক তৎপরতা আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন।
আরও পড়ুন:
সেনটকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ‘টাস্কফোর্স আইরিন গেট’ সমুদ্রপথে ইরানের বিরুদ্ধে চলমান অবরোধকে আরও শক্তিশালী করবে। ফ্লোরিডার টাম্পা থেকে পরিচালিত এই টাস্কফোর্স ইরানের স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর অঞ্চলে নজরদারি চালাবে।
উন্নত অস্ত্রব্যবস্থা, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞাপ্রাপ্ত সামগ্রী এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করতে মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে তারা।আরও পড়ুন:
মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক মার্কিন উপ-সহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় আল জাজিরাকে জানিয়েছেন, ইরানে অস্ত্র কীভাবে প্রবেশ করছে, কোথা থেকে আসছে এবং দেশটির জ্বালানি পরিবহণ কীভাবে পরিচালিত হচ্ছে, তা চিহ্নিত করাই এই টাস্কফোর্সের অন্যতম লক্ষ্য। তাঁর মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক অভিযান আরও সম্প্রসারণের নির্দেশ দিলে এই সরবরাহ ও অবকাঠামোগত ব্যবস্থাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে।
আরও পড়ুন:
মুলরয়ের ব্যাখ্যা, আগের ‘অপারেশন এপিক ফিউরি’ মূলত সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে পরিচালিত হলেও নতুন উদ্যোগে অর্থনৈতিক ও পরিকাঠামোগত ব্যবস্থার ওপর বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। এর উদ্দেশ্য হবে ইরানের যুদ্ধ পরিচালনা ও অর্থায়নের সক্ষমতাকে দুর্বল করে দেওয়া।
আরও পড়ুন:
এদিকে, ইরানি বন্দরগুলোতে অবরোধের অংশ হিসেবে ওমান উপসাগরে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ অচল করে দেওয়ার দাবি করেছে সেনটকম। মার্কিন বাহিনীর বিবৃতি অনুযায়ী, জাহাজটির ক্রুদের নির্দিষ্ট এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর মার্কিন সামরিক বিমান জাহাজটির পেছনের অংশে নির্ভুল অস্ত্র প্রয়োগ করে। সেনটকমের দাবি, গত জুলাই থেকে অবরোধ কার্যকর করতে গিয়ে ১৪৭টি বাণিজ্যিক জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে এবং নির্দেশ অমান্য করায় পাঁচটি জাহাজ অচল করা হয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে, ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর সামনে এসেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, শনিবার হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পাশাপাশি জাস্ক, সিরিক ও বান্দর আব্বাস শহরেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।আরও পড়ুন:
এর একদিন আগেই কেশম দ্বীপে নতুন করে হামলার কথা স্বীকার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলাগুলোকে ‘ছোটখাটো’ বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে কাতারের মধ্যস্থতায় আলোচনা চলায় তেহরান এখনও চুক্তিতে আগ্রহী বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন:
এদিকে, ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, শনিবার হরমুজ প্রণালির কাছে দুটি তেলবাহী ট্যাঙ্কার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আইআরজিসির বরাত দিয়ে জানানো হয়, ট্যাঙ্কার দুটি নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে প্রণালির একটি ‘অনিরাপদ’ অংশ দিয়ে যাওয়ার সময় মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।