মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। রবিবার দেশটির গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি রাজধানী কায়রো থেকে প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
আরও পড়ুন:
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা থেকে ফাইয়ুমগামী একটি যাত্রীবাহী ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী অন্য একটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় কয়েকটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
আরও পড়ুন:
বর্তমানে দুর্ঘটনাস্থলে ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত রেললাইন পরিষ্কারের কাজ চলছে। কায়রো-আপার ইজিপ্ট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করাই এখন কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য।
তবে কবে নাগাদ এই রেলপথে পুনরায় স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়।আরও পড়ুন:
এদিকে, দুর্ঘটনার কারণ দ্রুত খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তদন্তে কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার নির্দেশও দিয়েছেন তিনি। দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে কারিগরি তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্যতম পুরোনো ও বৃহৎ রেল নেটওয়ার্ক রয়েছে মিশরে।
তবে দীর্ঘদিন ধরেই দেশটির রেল ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রায়ই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ ও নিরাপত্তা পরিকাঠামোর উন্নয়নে সরকার বিপুল অর্থ বিনিয়োগ করলেও দুর্ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।আরও পড়ুন:
মিশরের ইতিহাসে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে। সে সময় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ট্রেনের সাতটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। মর্মান্তিক ওই ঘটনায় অন্তত ৩৬০ জনের মৃত্যু হয়েছিল।