পুবের কলম ওয়েব ডেস্ক: এক বছরে প্রায় ৭৫ শতাংশ কমে গেল কংগ্রেসের প্রাপ্ত অনুদানের পরিমাণ। দলের এক্সিকিউটিভ কমিটিতে পেশ হওয়া সাম্প্রতিক এক রিপোর্টের তথ্য অনুযায়ী, ২০ হাজার টাকার বেশি অঙ্কের অনুদান আগের বছরের তুলনায় এক ধাক্কায় প্রায় ৪০০ কোটি টাকা হ্রাস পেয়েছে। অর্থাৎ, বড় অঙ্কের অনুদান দেওয়ার ক্ষেত্রে কংগ্রেসের প্রতি অনীহা তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে (যে বছর লোকসভা নির্বাচন ছিল) ২০ হাজার বা তার বেশি অঙ্কের অনুদান বাবদ কংগ্রেসের তহবিলে জমা পড়েছিল ৫১৭.৩৯ কোটি টাকা। তার আগের অর্থবর্ষে এই পরিমাণ ছিল ২৮১.৪৮ কোটি টাকা।
বিগত ১২ বছরের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবর্ষে ২০ হাজার বা তার বেশি অঙ্কের অনুদান ৮৬ শতাংশ কমেছিল। এরপর ২০২৫-২৬ অর্থবর্ষে ফের ৭৫ শতাংশের পতন দেখা গেল। কংগ্রেসের অনুদান কমার অন্যতম প্রধান কারণ হিসেবে প্রুডেন্ট ইলেকটোরাল ট্রাস্টের অনুদান হ্রাসকে তুলে ধরা হচ্ছে। আগের বছর তারা কংগ্রেসকে ২১৬.৩৪ কোটি টাকা অনুদান দিলেও, ২০২৫-২৬ অর্থবর্ষে তা কমে দাঁড়িয়েছে মাত্র ২৫ কোটিতে।
প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবর্ষের রিপোর্ট বলছে, ২০ হাজার বা তার বেশি অঙ্কের অনুদানের নিরিখে কংগ্রেসের তুলনায় প্রায় ১২ গুণ বেশি অর্থ পেয়েছিল বিজেপি। যেখানে কংগ্রেস পেয়েছিল ৫১৭.৩৯ কোটি টাকা, সেখানে বিজেপির কোষাগারে জমা পড়েছিল ৬০৭৪.০২ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে বিজেপির অনুদানের হিসাব এখনও প্রকাশ্যে আসেনি। তবে এই হিসাব শুধুমাত্র ২০ হাজার টাকার বেশি অঙ্কের অনুদানের ভিত্তিতে তৈরি। কংগ্রেসের দাবি, সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট অঙ্কের বিপুল অনুদান বরাবরই তাদের তহবিলে জমা পড়ে, যা এই হিসাবের বাইরে।