দীপাবলির রাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি জম্মুতে। রবিবার রাতে জম্মু ও কাশ্মীরের বৃহত্তম শস্যের গুদাম ও বাজারে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের একাধিক দোকানে। অন্তত পাঁচ থেকে ছ’টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

দোকানগুলিতে প্রচুর পরিমাণে ভোজ্য তেল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভানোর কাজ সহজ করতে কয়েকটি দোকান বুলডোজ়ার দিয়ে ভেঙে ফেলা হয়।

তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, দীপাবলির বাজি থেকে আগুন লাগতে পারে। যদিও অন্য সম্ভাবনাগুলিও খতিয়ে দেখা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জম্মুর ডেপুটি কমিশনার, ডিভিশনাল কমিশনার এবং স্থানীয় বিধায়কেরা।

তাঁরা পরিস্থিতি পরিদর্শন করেন এবং উদ্ধার ও আগুন নেভানোর কাজের তদারকি করেন। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিকে, দমকলের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ওয়্যারহাউস ফেডারেশন। ব্যবসায়ীদের অভিযোগ, আগুন লাগার খবর দ্রুত জানানো হলেও দমকল বাহিনী সময়মতো ঘটনাস্থলে পৌঁছয়নি। তাঁদের দাবি, দ্রুত পদক্ষেপ করা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব হত।

দমকলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সোমবার জম্মু ও কাশ্মীরে বন্‌ধের ডাক দিয়েছে ব্যবসায়ী ফেডারেশন।