দীপাবলির পরই দিল্লির বায়ুদূষণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রাজধানীর দূষণের প্রকৃত চিত্র আড়াল করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে আম আদমি পার্টি (আপ)। দলের দাবি, দিল্লির বেশ কয়েকটি এলাকায় বায়ুর গুণমান সূচক বা একিউআই ৩০০০ ছাড়িয়ে গিয়েছে। অথচ সরকারি পরিসংখ্যানে দূষণের মাত্রা তার তুলনায় অনেক কম দেখানো হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে বিজেপি ও আপের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

রবিবার দীপাবলির রাত থেকেই দিল্লির বাতাসের গুণমান দ্রুত খারাপ হতে শুরু করে।

বাজি পোড়ানোর পর সোমবার সকালে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। দিল্লির ৫৯টি বায়ুদূষণ পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ১২টি কেন্দ্রে বায়ুর মান ছিল ‘সিভিয়ার’ বা গুরুতর এবং ২২টি কেন্দ্রে ‘ভেরি পুওর’ বা অত্যন্ত খারাপ পর্যায়ে।

তবে এই সরকারি পরিসংখ্যান নিয়েই প্রশ্ন তুলেছে আপ। দলের অভিযোগ, দূষণ পরিমাপের জন্য যে পর্যবেক্ষণ কেন্দ্রগুলি বসানো হয়েছে, সেগুলির অনেকগুলিই তুলনামূলক কম দূষিত এলাকায় অবস্থিত। পাশাপাশি কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্রের আশপাশে জল ছিটিয়ে দূষণের মাত্রা কম দেখানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছে তারা।

আপ নেতা সৌরভ ভরদ্বাজ একটি ছবি প্রকাশ করে দাবি করেছেন, দিল্লির নগর চৌখণ্ডী এলাকায় একিউআই ৩০৩৬-এ পৌঁছেছে।

তাঁর অভিযোগ, সরকারি পরিসংখ্যানে দিল্লির দূষণের প্রকৃত ভয়াবহতা প্রতিফলিত হচ্ছে না।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, দীপাবলির পরের সকালে দিল্লির গড় একিউআই ছিল ৪৮৩। অন্যদিকে, কয়েকটি বেসরকারি পর্যবেক্ষণ ব্যবস্থায় দূষণের সূচক হাজারের গণ্ডি ছাড়ানোর তথ্য সামনে এসেছে। ফলে সরকারি ও বেসরকারি পরিসংখ্যানের মধ্যে বড়সড় ফারাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও আপের তোলা তথ্য গোপনের অভিযোগ নিয়ে দিল্লি সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, আপের অভিযোগ খারিজ করে পালটা রাজনৈতিক আক্রমণ শানিয়েছে বিজেপি।

তাদের বক্তব্য, গত ২৫ বছর ধরে দিল্লিতে আপ ও কংগ্রেসের শাসনামলেই দূষণ সমস্যা তৈরি হয়েছে। ফলে দূষণ নিয়ে বর্তমান সরকারকে নিশানা করার আগে বিরোধীদের নিজেদের অতীতের ভূমিকা খতিয়ে দেখা উচিত বলে দাবি বিজেপির।

দিল্লির পাশাপাশি দেশের অন্যান্য শহরেও দীপাবলির পর বায়ুদূষণ বেড়েছে। উত্তরপ্রদেশের একাধিক এলাকায় দূষণের মাত্রা ঊর্ধ্বমুখী। মুম্বইয়ের বেশ কয়েকটি এলাকাতেও একিউআই ২৫০ ছাড়িয়েছে। রবিবার রাতে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক হারে বাজি পোড়ানোর প্রভাব বাতাসের গুণমানেও পড়েছে।