পুবের কলম, ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ধনী হওয়ার ফন্দি খুঁজে এক ভয়াবহ ও লোমহর্ষক কাণ্ড ঘটাল এক যুবক। দ্রুত অর্থ উপার্জনের নেশায় নিজের তুতো ভাইয়ের চার বছরের শিশুপুত্রকে অপহরণ করে নির্মমভাবে খুন করার অভিযোগ উঠল এক আত্মীয়ের বিরুদ্ধে। শুধু খুন করাই নয়, মৃত শিশুর শরীর থেকে কিডনি, ফুসফুস এবং চোখ কেটে বের করে নেয় ওই অভিযুক্ত। রবিবার ছত্তীসগড়ের জশপুর জেলা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম বাসুদেব ওরফে তাংনু (২৭)।

সে পেশায় দিনমজুর এবং নিহতের সম্পর্কে কাকা (পিসতুতো ভাই) হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের বাবা রামজিৎ রাম (৩৬) কাজের সূত্রে প্রায় এক বছর আগে পরিবার নিয়ে সন্না গ্রামে এসে বসবাস শুরু করেছিলেন এবং আমাতচুয়া নদী বাঁধের কাছে একটি কুঁড়েঘরে থাকতেন। অভিযুক্ত বাসুদেব প্রায়শই তাঁদের বাড়িতে যাতায়াত করত।

গত ৫ নভেম্বর থেকে শিশুটি নিখোঁজ ছিল। এই ঘটনায় ৭ নভেম্বর সন্না থানায় একটি নিখোঁজ ডায়েরি ও অভিযোগ দায়ের করেন শিশুর বাবা।

এরপর গত শনিবার পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ভুট্টাক্ষেতের কাছে একটি গর্তে জলের মধ্যে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান রামজিৎ। কম্বল ও লেপ দিয়ে মোড়ানো এবং মাটিচাপা দেওয়া ছিল ওই দেহ।

পুলিশের জেরার মুখে অভিযুক্ত বাসুদেব তার অপরাধ স্বীকার করেছে। সে জানিয়েছে, দিনমজুরের কাজ করে সে তার আয়ে সন্তুষ্ট ছিল না এবং দ্রুত প্রচুর টাকা রোজগার করতে চেয়েছিল। সেই উদ্দেশ্যে সে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় তাড়াতাড়ি ধনী হওয়ার নানা উপায় খুঁজত। সেখান থেকেই শিশুদের অঙ্গ বের করে অনলাইনে বা অন্য উপায়ে বিক্রি করার বিকৃত বুদ্ধি মাথায় আসে তার।