উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : পারিবারিক বিবাদের জেরে সোমবার সাতসকালে এক যুবককে পিটিয়ে, শাবল, ইট ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুনের অভিযোগ উঠল তাঁরই খুড়তুতো ভাইদের বিরুদ্ধে। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জয়নগর থানার উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের মুচিপাড়া এলাকায়। মৃত যুবকের নাম আব্দুল রাজ্জাক শেখ (৩৬)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে,দীর্ঘদিন ধরেই জায়গা জমি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল।

সেই বিবাদের জেরেই সোমবার সকাল সাতটা নাগাদ আব্দুল রাজ্জাকের বাড়ির সামনে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। মৃতের স্ত্রী প্রিয়াঙ্কা সরদারের অভিযোগ,তাঁর স্বামীর খুড়তুতো ভাইরা শাবল, ইট ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি মারধরের পাশাপাশি শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তিনিও।
স্ত্রীর দাবি, রক্তাক্ত অবস্থায় স্বামীকে ফেলে রেখে প্রায় দেড় কিলোমিটার দূরে জয়নগর থানায় গিয়ে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে গুরুতর জখম অবস্থায় আব্দুল রাজ্জাককে উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।আরএই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এমন মর্মান্তিক পরিণতিতে হতবাক স্থানীয় বাসিন্দারা। সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।অন্যদিকে, বিকেলে মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এই হামলা এবং ঘটনার পিছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জয়নগর এলাকায়।