পুবের কলম ওয়েব ডেস্ক:  ধর্ষণ-সহ একাধিক গুরুতর মামলায় অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। সোমবার সন্ধ্যায় মুম্বই পালানোর পথে কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। তদন্তকারীদের অনুমান, সিআইডি-র জিজ্ঞাসাবাদ এড়াতেই তিনি ভিনরাজ্যে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা করেছিলেন।
পুলিশ সূত্রে খবর, ক্যানিং থানায় দায়ের হওয়া একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন ওই বিধায়ক।

গত ৫ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগে মামলা রুজু হয়। এই ঘটনার তদন্তে নেমে সিআইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দু’বার তলব করেছিল। একবার তিনি তদন্তকারীদের মুখোমুখি হলেও, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে আচমকাই বেপাত্তা হয়ে যান তিনি। টানা প্রায় ১৭ দিন ধরে পলাতক ছিলেন পরেশরাম।
এর মাঝে তাঁর ক্যানিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে চার তৃণমূল নেতাকে পুলিশ গ্রেপ্তার করলেও বিধায়কের খোঁজ মেলেনি।
গোপন সূত্রে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারির আশঙ্কা ও তদন্ত এড়াতে কলকাতা থেকে বিমানে মুম্বই পালানোর ছক কষেছেন তিনি। সেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নজরদারি শুরু করে এসওজি টিম। বিধাননগর পুলিশের সহায়তায় বিমানবন্দর চত্বর থেকেই আটক করা হয় বিধায়ককে। বারুইপুর জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, ধৃত বিধায়ককে আপাতত বারুইপুর জেলা পুলিশের হেফাজতে নিয়ে আসা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে।