পুবের কলম ওয়েব ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটে অশান্তি এবং পুলিশের উপর হামলার ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার দিঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পুলিশের গায়ে হাত তুললে কাউকে রেয়াত করা হবে না। এই ধরনের অপরাধ দমনে পুলিশ ও প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কড়া পদক্ষেপ করবে।
গত শুক্রবার রাত থেকে শনিবার দিনভর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে, এমনকি তাঁদের গায়ে হাত তোলারও অভিযোগ ওঠে।
কালীঘাটে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারি নিয়ে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী এদিন দাবি করেছেন, কালীঘাটের ওই অশান্তির সঙ্গে হরিশ চ্যাটার্জি বা হরিশ মুখার্জি রোডের স্থানীয় বাসিন্দাদের কোনও যোগ নেই। যে দুষ্কৃতীরা ধরা পড়েছে, তারা প্রত্যেকেই একবালপুর এলাকার বাসিন্দা। রাত দুটোর সময় একবালপুর থেকে তারা কেন ওই এলাকায় জড়ো হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। গোটা বিষয়টি কড়া হাতে দমন করার জন্য তিনি পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন।