পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ুর থেনি জেলায় দীপাবলির রাতে এক মর্মান্তিক ঘটনায় মদ্যপ যুবকদের হামলায় প্রাণ হারালেন এক পুলিশ কর্মকর্তা। নিহতের নাম সেন্থিল কুমার, যিনি স্পেশাল সাব-ইনস্পেক্টর হিসেবে কর্মরত ছিলেন। রবিবার গভীর রাতে সমধর্মপুরম এলাকায় শব্দবাজি ফাটিয়ে সোশ্যাল মিডিয়ার ‘রিলস’ তৈরি করাকে কেন্দ্র করে বচসার জেরে ওই কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ইতিমধ্যে ৪ জন যুবককে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন:
তদন্তকারীদের সূত্রে জানা গেছে, গুরুতর জখম অবস্থায় সাব-ইনস্পেক্টর সেন্থিল কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, একদল যুবক রাস্তা আটকে বাজি ফাটাচ্ছিল এবং মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়ার জন্য রিলস রেকর্ড করছিল। খবর পেয়ে সাব-ইনস্পেক্টর সেন্থিল কুমার ঘটনাস্থলে পৌঁছে পথ পরিষ্কার করতে বলেন এবং বাধা দেন। এতেই উত্তেজিত হয়ে ওঠে মদ্যপ অবস্থায় থাকা যুবকের দল।
আরও পড়ুন:
পুলিশের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও মুহূর্তের মধ্যে পরিস্থিতি মারাত্মক রূপ নেয়। অভিযুক্ত যুবকরা একজোট হয়ে সেন্থিল কুমারের ওপর পৈশাচিক আক্রমণ চালায় এবং তাঁকে বেধড়ক মারধর করে।
আরও পড়ুন:
ঘটনার পরপরই থেনির পুলিশ সুপার প্রবীণ গৌতম ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে, তার জন্য সমধর্মপুরম এলাকা জুড়ে রাতভর অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়। পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঠিক সময়ক্রম এবং হামলায় যুক্ত বাকি অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করেছে।