পুবের কলম ওয়েব ডেস্ক: বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জের পর এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত দিলীপ রায় পুলিশের গুলিতে খতম হল বাংলা-বিহার সীমান্তে। রবিবার রাত ২টো নাগাদ পাড়ারপুকুর এলাকায় এই এনকাউন্টারের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার রায়গঞ্জের কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা দিলীপ রায় পাশের বাড়ির ১২ বছরের এক নাবালিকাকে নদী দেখানোর নাম করে নিয়ে যায়। এরপর থেকেই নাবালিকা নিখোঁজ ছিল।
গোপন সূত্রে পুলিশ জানতে পারে, দিলীপ পাড়ারপুকুর হয়ে বিহারের তারাপুরে পালানোর ছক কষছে। সেইমতো রবিবার রাতে অভিযান চালায় পুলিশ। দিলীপকে ঘিরে ফেলতেই সে পকেট থেকে বন্দুক বের করে পুলিশের গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় পুলিশও। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দিলীপ। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
রাজ্যে পালাবদলের পর অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। নারী নির্যাতনের ঘটনায় পুলিশকে ‘খোলা হাত’ দেওয়ার কথা এর আগে একাধিকবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ২৯ অক্টোবর রায়গঞ্জের এক জনসভা থেকেও তিনি একই বার্তা দিয়েছিলেন। তার ১১ দিনের মাথায় এই এনকাউন্টারের ঘটনা ঘটল। রাজ্যে ক্ষমতা হস্তান্তরের পর এটি চতুর্থ এনকাউন্টারের ঘটনা। এর আগে বারুইপুর, গাইঘাটা ও সামশেরগঞ্জেও একই ধরনের অপরাধে অভিযুক্তদের পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে।