পুবের কলম, ওয়েবডেস্ক: পেট্রোলে অনুমোদিত ২০ শতাংশের বেশি ইথানল মেশানোর অভিযোগ ঘিরে কেন্দ্র ও কর্ণাটক রাজ্য সরকারের মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক সংঘাত চরমে পৌঁছাল। রাজ্যের হাজার হাজার গাড়ির ইঞ্জিন বিকল হওয়া এবং মাইলেজ কমে যাওয়ার অভিযোগ তুলে সরকারের দাবিকে জোরালো সমর্থন জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এবং রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়ে পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। ডি কে শিবকুমার স্পষ্ট জানিয়েছেন, এই ইস্যুতে তিনি কোনো রাজনীতি করছেন না।
সংগৃহীত নমুনা ও প্রমাণের ভিত্তিতে সোমবার সংশ্লিষ্ট মন্ত্রী পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করবেন বলে জানান তিনি।আরও পড়ুন:
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, "আমরা বহু অভিযোগ পেয়েছি যে হাজার হাজার গাড়ি সমস্যায় পড়ছে। চলতে চলতে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে এবং মাইলেজ অনেক কমে গেছে। তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রায় ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে।
আমরা পরীক্ষা করে দেখেছি, পেট্রোল পাম্প থেকেই এই অতিরিক্ত ভেজাল বা মিশ্রণ ঘটানো হচ্ছে।" তিনি আরও বলেন, কম দামে ইথানল পাওয়া যায় বলে বাড়তি লাভের আশায় পাম্পগুলিতে এই অনিয়ম করা হচ্ছে। রাজ্যের ৬৭টি জায়গা থেকে নমুনা সংগ্রহ করে কেন্দ্রকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।আরও পড়ুন:
কর্ণাটকের খাদ্য, সিভিল সরবরাহ ও ক্রেতা সুরক্ষা দপ্তরের এই দাবির তীব্র বিরোধিতা করেছে কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত তিন তেল বিপণন সংস্থা—ইন্ডিয়ান ওয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম এক যৌথ বিবৃতিতে জানায়, পেট্রোলে ইথানল মেশানোর কাজটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং সংবিধিবদ্ধ নিয়ম মেনে কারখানাতেই করা হয়, পাম্প স্তরে ম্যানুয়ালি তা করার কোনো সুযোগ নেই।