পুবের কলম ওয়েব ডেস্ক: রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্তের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর পর কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ভোরে পুলিশের গুলিতে নিহত হয় অভিযুক্ত দিলীপ রায়। এর কিছুক্ষণের মধ্যেই দিঘায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যবসায়ী সমিতির কালীপুজোর অনুষ্ঠানে গিয়ে অপরাধীদের কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, নারী সুরক্ষার সঙ্গে কোনও আপস করা হবে না এবং এই বিষয়ে পদক্ষেপ করতে পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।


মুখ্যমন্ত্রী জানান, মাদক পাচারকারী, নারী নির্যাতনকারী এবং অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে রাজ্য সরকার 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। এই তিনটি ক্ষেত্রে কঠোর পদক্ষেপ করার জন্য পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য এখন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিরও প্রয়োজন হবে না। রায়গঞ্জের এনকাউন্টারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুলিশ অকারণে কাউকে গুলি করে না।
তবে কেউ আক্রমণ করলে আত্মরক্ষার্থে পুলিশও পালটা আক্রমণ করবে।
এদিনের অনুষ্ঠান থেকে রাজনৈতিক বিরোধীদেরও কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বামপন্থী, দিমাগি নকশাল ও জামাতিদের একযোগে নিশানা করে বলেন, এই সব শক্তি এখনও ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের হাত থেকে রাষ্ট্রবাদীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
পাশাপাশি, দলের কর্মীদের উদ্দেশে তিনি জানান, ২০২৬ সালের নির্বাচনে প্রাপ্ত ৪৬ শতাংশ ভোটকে আগামী দিনে ৭০ শতাংশে নিয়ে যেতে হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রায়গঞ্জে সাইকেল নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ১২ বছরের এক নাবালিকা। দু'দিন পর কুলিকের জঙ্গল থেকে তার পচাগলা দেহ উদ্ধার হয়। পরিবারের দায়ের করা ধর্ষণ ও খুনের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সোমবার ভোরে গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযুক্ত দিলীপ রায় লুকিয়ে আছে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। অভিযোগ, সেসময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দিলীপ। পালটা পুলিশের আত্মরক্ষার্থে চালানো গুলিতে তার মৃত্যু হয়।