পুবের কলম ওয়েব ডেস্ক: কোনও সরকারি কর্মী যদি টানা ৪৮ ঘণ্টার বেশি সময় বিচারবিভাগীয় হেফাজতে থাকেন, তবে তাঁকে স্বয়ংক্রিয়ভাবেই সাসপেন্ড বা সাময়িক বরখাস্ত বলে ধরে নেওয়া হবে। এর জন্য আলাদা করে কোনও নির্দেশনামা জারির প্রয়োজন নেই। সম্প্রতি একটি মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ এই রায় দিয়েছে।
সুপ্রিম কোর্টে বিচারাধীন ওই মামলাটি বিহারের সমস্তিপুর সদর হাসপাতালের এক কর্মীর।
সুপ্রিম কোর্ট ওই মামলার শুনানিতে পাটনা হাই কোর্টের নির্দেশ খারিজ করে দায়রা আদালতের জামিনের নির্দেশই বহাল রেখেছে। কিন্তু আদালত স্পষ্ট জানিয়েছে যে, যেহেতু ওই সরকারি কর্মী গ্রেপ্তারের পর ১৫ দিন হেফাজতে ছিলেন, তাই ৪৮ ঘণ্টার বেশি হেফাজতে থাকার নিয়ম অনুযায়ী তিনি স্বয়ংক্রিয়ভাবেই সাসপেন্ড হয়ে গিয়েছেন বলে ধরা হবে।
এদিকে, শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী জানান, অভিযুক্ত কর্মীকে প্রথমে সাসপেন্ড করা হলেও পরে সেই নির্দেশ প্রত্যাহার করে তাঁকে একই পদে ও একই হাসপাতালেই পোস্টিং দেওয়া হয়। এই তথ্য শুনে সুপ্রিম কোর্ট তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে বিহার সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে।