হরমুজ প্রণালি এড়িয়ে তেল সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবের প্রধান পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় মদিনা এলাকায় পাইপলাইনটি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম। এ ঘটনায় পাইপলাইনে আগুন লাগলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
সৌদি প্রেস এজেন্সির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলার ফলে পাইপলাইনে সীমিত আকারে আগুনের সূত্রপাত হয়।
তবে দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। পাশাপাশি পাইপলাইনের কার্যক্রমেও কোনো বিঘ্ন ঘটেনি।আরও পড়ুন:
হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে এখনো কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ। তবে সৌদি আরব ও তাদের সমর্থিত ইয়েমেনের সরকারি জোটের সঙ্গে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘাত সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়েছে।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের জেরে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় সৌদি আরবের এই পূর্ব-পশ্চিম পাইপলাইনটির গুরুত্ব বেড়েছে। প্রণালি এড়িয়ে তেল রপ্তানির বিকল্প পথ হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হওয়ার পাশাপাশি এই পাইপলাইনও একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
আরও পড়ুন:
এর আগেও হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের বিভিন্ন তেল অবকাঠামোয় হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল শোধনাগার ও তেল সংরক্ষণাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
আরও পড়ুন:
আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে বিস্তৃত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার বা ৭৪৫ মাইল দীর্ঘ এই পাইপলাইনটি গত সেপ্টেম্বরে ড্রোন হামলার পর কয়েক দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। সৌদি আরবের দাবি, ওই ড্রোনগুলো ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার পর থেকে সৌদি আরব প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরের দিকে পাঠাচ্ছে। এই পরিমাণ তেল বিশ্বের মোট সরবরাহের প্রায় চার শতাংশের সমান। ফলে সৌদি আরবের জ্বালানি রপ্তানির ক্ষেত্রে পাইপলাইনটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।