তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জাদুঘরে কয়েক দশক ধরে সংরক্ষিত থাকা একটি ফসিলকে প্রায় ২৫ লাখ বছর আগে পৃথিবীতে বিচরণ করা স্যাবার-টুথড বিড়ালের দেহাবশেষ হিসেবে শনাক্ত করেছেন গবেষকেরা। তাঁদের দাবি, আধুনিক তুরস্কের এশীয় অংশ আনাতোলিয়ায় এখন পর্যন্ত আবিষ্কৃত এই প্রজাতির ফসিলগুলোর মধ্যে এটি অন্যতম সম্পূর্ণ নমুনা।

১৯৮৯ সালে তুরস্কের ইয়াকাকোয় গ্রামের কাছে ফসিলটি আবিষ্কৃত হয়। এরপর থেকে এটি বুরদুর প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে সংরক্ষিত ছিল। গবেষণায় দেখা গেছে, ফসিলটি বিলুপ্ত বৃহদাকার শিকারি বিড়াল হোমোথেরিয়াম লাতিডেনস (Homotherium latidens) প্রজাতির।

বুরদুর মেহমেত আকিফ এরসয় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের সহযোগী অধ্যাপক আলপার ইয়েনের ইয়াভুজের নেতৃত্বে একটি গবেষক দল ২০২৩ সালে নমুনাটি পরীক্ষা শুরু করে।

ইয়াভুজ জানান, ভূতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক বিশ্লেষণে দেখা গেছে, ফসিলটির চোয়াল বেশ ভালোভাবে অক্ষত রয়েছে। আনাতোলিয়ায় শনাক্ত হওয়া স্যাবার-টুথড বিড়ালের ফসিলগুলোর মধ্যে এটি সবচেয়ে সম্পূর্ণ নমুনা। ভূতাত্ত্বিক ও প্রাণিকুলভিত্তিক কালনির্ণয় পদ্ধতি ব্যবহার করে গবেষকেরা এর বয়স প্রায় ২৫ লাখ বছর বলে নির্ধারণ করেছেন।

গবেষকদের হিসাব অনুযায়ী, প্রাণীটির কাঁধ পর্যন্ত উচ্চতা ছিল প্রায় ১ দশমিক ২ মিটার বা ৪ ফুট।

মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য ছিল প্রায় ২ মিটার বা ৬ দশমিক ৬ ফুট। আকারের দিক থেকে এটি আধুনিক সিংহের তুলনায় কিছুটা ছোট হলেও জাগুয়ারের চেয়ে বড় ছিল।

ইয়াভুজের ব্যাখ্যা, এই প্রজাতির শিকারের ধরন ছিল বেশ স্বতন্ত্র। ওত পেতে থেকে শিকার ধরার পরিবর্তে এটি শিকারকে তাড়া করে ধরতে পারত। প্রাণীটির নাসারন্ধ্রও ছিল তুলনামূলক প্রশস্ত, যা দৌড়ানোর সময় বেশি পরিমাণে অক্সিজেন গ্রহণে সহায়তা করত।

ইয়াভুজ আরও জানান, তাঁদের গবেষণাসহ তুরস্কে এখন পর্যন্ত এই ধরনের মাত্র চারটি ফসিলের নমুনা শনাক্ত হয়েছে। প্রাগৈতিহাসিক প্রাণিকুল সম্পর্কে আরও তথ্য পেতে গবেষকেরা এবার বুরদুর এবং পার্শ্ববর্তী ইসপার্তা প্রদেশে নতুন করে মাঠপর্যায়ের জরিপ চালানোর পরিকল্পনা করছেন।