পুবের কলম, ওয়েবডেস্ক: উৎসবের মরশুমে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে দেশজুড়ে তদারকি অভিযান চালাল ভারতীয় খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (FSSAI)। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ দেশব্যাপী অভিযানে ভেজাল ও নিষিদ্ধ ঘোষিত প্রায় ৩ হাজার ২৮০ টন খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করেছে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। যার বাজারমূল্য আনুমানিক ৮২ কোটি টাকা। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে কঠোর পদক্ষেপ করে FSSAI ইতিমধ্যে ৫২টি লাইসেন্স বাতিল করেছে, ১ হাজার ১৩৩টি লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে এবং ৩১৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সিলগালা করেছে।
আরও পড়ুন:
শনিবার সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে মোট ৫৬,৪৩০টিরও বেশি খাদ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে।
এই তল্লাশির সময় মূলত পনির, ঘি, দুধ এবং বিভিন্ন মিষ্টির মতো উৎসবের বাজারে সর্বাধিক চাহিদা থাকা পণ্যগুলিতে ভেজালের সন্ধান মিলেছে।আরও পড়ুন:
নিয়ন্ত্রক সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৩,২৭৯.৫৭ টন ‘নিষিদ্ধ ও অমান্য’ খাদ্যপণ্য বাজেয়াপ্ত করা হয়েছে, যার সঠিক আর্থিক মূল্য দাঁড়ায় ৮১ কোটি ৮০ লক্ষ টাকা। এর পাশাপাশি, খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম ঠিকমতো না মানায় ১০ হাজার ৪৭টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সংশোধনী নোটিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
খাদ্য নিরাপত্তার মানদণ্ড নিশ্চিত করতে চলতি ক্যালেন্ডার বছরে এফএসএসআই ঐতিহ্যবাহী বাজারগুলির পাশাপাশি ই-কমার্স কোম্পানি এবং বড় বড় ফুড বিজনেস অপারেটরদের ওপর নজরদারি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। উৎসবের মরশুমে ভেজাল কারবারিদের রুখতে এই ধরণের অভিযান আগামী দিনেও আরও জোরালো করা হবে বলে জানিয়েছে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ।