বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে গুরুতর হুমকি বলে মনে করেন যুক্তরাজ্যের ৭৮ শতাংশ নাগরিক। ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) প্রকাশিত এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার ‘মিডল ইস্ট আই’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০০৫ সালে ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করতেন ৪৮ শতাংশ ব্রিটিশ নাগরিক।

তবে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এবং ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর চলতি বছরের বসন্তে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৭৮ শতাংশে।

এদিকে, কাউন্সিল ফর ব্রিটিশ-আরব আন্ডারস্ট্যান্ডিংয়ের (সিবিএইউ) অনুরোধে গত জুলাই মাসে ইউগভ পরিচালিত একটি জনমত সমীক্ষায় দেখা গেছে, ব্রিটিশ নাগরিকদের মাত্র ১৭ শতাংশ মনে করেন, ইসরায়েল গাজায় কোনও গণহত্যা চালাচ্ছে না।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব যুক্তরাজ্যের অর্থনীতিতেও পড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি গৃহঋণের খরচ বেড়ে যাওয়ায় চাপে পড়ছেন সাধারণ ব্রিটিশ পরিবারগুলি।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ব্যাংক অব ইংল্যান্ড সম্প্রতি সুদের হার ৩.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে। গত তিন বছরের মধ্যে এটিই প্রথম সুদের হার বৃদ্ধি। এর ফলে গৃহঋণগ্রহীতাদের মাসিক কিস্তি বেড়েছে। পাশাপাশি নতুন করে ঋণ নেওয়া কিংবা পুরোনো ঋণ নবায়নের খরচও বেড়েছে।