সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্ধারিত সময়সীমাকে কার্যত উপেক্ষা করেই রবিবার গভীর রাত পর্যন্ত দিল্লিতে চলল দেদার শব্দবাজি। দীপাবলি উদ্‌যাপনের নামে দেদার বাজি ফাটানোর জেরে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেল রাজধানীর আকাশ। সোমবার সকালে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। এদিন দিল্লির বায়ুর গুণমান সূচক (একিউআই) পৌঁছায় ৩৭১-এ, যা দীপাবলির পরের দিনের দূষণের নিরিখে গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এর মাধ্যমে ২০২১ সালের রেকর্ডও ভেঙে গেল।

যদিও সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতি এবং সূর্যের তেজ বাড়ায় দূষণের প্রভাব কিছুটা কমে।

তবে তার আগে রবিবার রাতে দিল্লির কয়েকটি এলাকায় বায়ুদূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নির্ধারিত নিরাপদ সীমার প্রায় ৫১ গুণ বেশি ছিল বলে জানা গিয়েছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, দীপাবলির দিন দিল্লির গড় একিউআই ছিল ৩৭৬।

দীপাবলির পর দিল্লির এই ভয়াবহ বায়ুদূষণকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কেন্দ্র ও দিল্লির বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি। পালটা বিরোধীদের অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে বিজেপি।

কংগ্রেসের প্রধান মুখপাত্র তথা প্রাক্তন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী জয়রাম রমেশের অভিযোগ, বায়ুদূষণের কারণে মৃত্যুহার এবং জনস্বাস্থ্যের ওপর তার ক্ষতিকর প্রভাব নিয়ে মোদি সরকার দীর্ঘদিন ধরেই অস্বীকারের মনোভাব দেখিয়ে আসছে।

সংসদের ভিতরে কিংবা বাইরে, কোথাও এই বিষয়ে যথাযথ সতর্কবার্তা দেওয়া হচ্ছে না। তাঁর দাবি, প্রধানমন্ত্রীও দূষণের বিপদ সম্পর্কে প্রয়োজনীয় সতর্কতা শুনতে আগ্রহী নন।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বিজেপিকে কটাক্ষ করে বলেন, ২০২৪ সালের নির্বাচনী প্রচারে বিজেপির স্লোগান ছিল ‘অব কি বার চারশো পার’। অথচ দিল্লির বায়ুমান সূচক তিন হাজারে পৌঁছে গিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আম আদমি পার্টির দিল্লি সভাপতি সৌরভ ভরদ্বাজের অভিযোগ, প্রকৃতপক্ষে দূষণের মাত্রা অনেক বেশি হলেও সরকার তা প্রকাশ করেনি। নিজেদের সুবিধামতো একিউআইয়ের পরিসংখ্যান তুলে ধরে পরিস্থিতি আড়াল করার চেষ্টা হয়েছে বলেও দাবি তাঁর।

যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে পালটা সাফাই দিয়েছে বিজেপি। দিল্লি সরকারের মন্ত্রী কপিল মিশ্রের দাবি, পাঞ্জাবে ফসলের গোড়া পোড়ানোর কারণে দিল্লিতে দূষণের মাত্রা বেড়েছে। এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, গত কয়েক বছরের তুলনায় এবার দীপাবলিতে দূষণের মাত্রা অনেকটাই কম।

উল্লেখ্য, গত এক বছরের দূষণের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে উত্তরপ্রদেশের লোনির নাম। ফলে রাজধানী দিল্লি-সহ গোটা উত্তর ভারতের বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।