উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : জয়নগরে যুবক খুনের ঘটনায় দ্রুত পদক্ষেপ পুলিশের। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই খুনের অভিযোগে দু’জন মহিলা-সহ মোট চার জনকে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।উল্লেখ্য, কালীপুজোর পরের দিন সোমবার সকাল সাতটা নাগাদ জয়নগর থানার উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের মুচিপাড়া গ্রামে এই নৃশংস খুনের ঘটনা ঘটে।

জমিজমা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বাড়ির সামনে ডেকে আবদুল রাজ্জাক সেখ নামে ৩৬ বছরের এক যুবককে তাঁর খুড়তুতো ভাইয়েরা শাবল ও ইট দিয়ে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। মৃতের স্ত্রীর দাবি, তাঁর সামনেই স্বামীকে নৃশংসভাবে মারধর করে খুন করা হয়।এই ঘটনায় সোমবার বিকেলে মৃতের পরিবারের পক্ষ থেকে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই জয়নগর থানার আইসি অমিত হালদারের নির্দেশে তদন্তে নামে পুলিশ। তদন্তের ভিত্তিতে সোমবার রাতে মুচিপাড়া এলাকা থেকে দু’জন মহিলা ও দু’জন পুরুষকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

ধৃতরা হল সেলিনা শেখ (৩৬), সিদ্দিক শেখ (৪৮), কালো শেখ (৬১) এবং সালমা খাতুন (৪৫)। ধৃত চারজনেরই বাড়ি মুচিপাড়া গ্রামে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদেরবিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাঁদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় তদন্তকারী পুলিশ আধিকারিক।এদিন বারুইপুর মহকুমা আদালতের মহামান্য বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে খুনের নেপথ্যে থাকা সমস্ত বিষয় খতিয়ে দেখতে চায় পুলিশ।