পুবের কলম ওয়েব ডেস্ক: মঙ্গলবার প্রকাশিত ৫৪৪ পাতার আত্মজীবনীমূলক বই ‘বিলংগিং: অ্যা জার্নি অফ লাভ’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তাৎপর্যপূর্ণ দাবি করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি জানিয়েছেন, গত ১২ বছর ধরে দেশের প্রধানমন্ত্রী পদে আসীন থাকলেও নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর প্রকৃত অর্থে কোনও যোগাযোগ বা বাক্যালাপ হয়নি। বইটিতে সোনিয়া লিখেছেন, মুখোমুখি দেখা হলেও প্রধানমন্ত্রী তাঁর দিক থেকে চোখ সরিয়ে নেন এবং মূলত তাঁরা একে অপরকে এড়িয়েই চলেন।
সংসদ অধিবেশন চলাকালীন স্পিকারের ঘরে বিভিন্ন দলের নেতাদের মধ্যে সৌজন্য বিনিময় হলেও প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেন না বলে দাবি কংগ্রেস নেত্রীর।

হাসপাতাল থেকে ফেরার পর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া বা জন্মদিন ও নববর্ষের মতো বিশেষ দিনগুলিতে নিছক সৌজন্যমূলক দু-একটি বাক্য ছাড়া তাঁদের মধ্যে আর কোনও কথা হয়নি। তবে মোদির সঙ্গে তাঁর শুধুমাত্র রাজনৈতিক মতপার্থক্য রয়েছে, কোনও ব্যক্তিগত শত্রুতা নেই বলে বইতে স্পষ্ট করেছেন সোনিয়া। আরএসএসের এক সাধারণ পটভূমি থেকে মোদির ক্ষমতায় আসার বিষয়টিকে স্বীকার করলেও, তাঁর এই উত্থানের নেপথ্যে পিআর টিমের প্রচার কতটা বাস্তব, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
আত্মজীবনীতে ছেলে রাহুল গান্ধীর রাজনৈতিক জীবন এবং তাঁর উপর হওয়া ক্রমাগত আক্রমণ নিয়েও আবেগপ্রবণ হয়েছেন সোনিয়া।
তিনি জানিয়েছেন, সমাজমাধ্যমে রাহুলের বিরুদ্ধে লাগাতার কুৎসা এবং ব্যক্তিগত আক্রমণ দেখে মা হিসেবে তাঁর অত্যন্ত কষ্ট হত। সেই কঠিন সময়ে ছেলে বাড়ি ফিরলে তিনি তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতেন এবং পছন্দের খাবার রান্না করে খাওয়াতেন। রাহুল কখনও বিলাসবহুল জীবন বা আরামের প্রতি আকৃষ্ট ছিলেন না বলে জানান তিনি। এছাড়া, রাজনীতিতে পা রাখার পর থেকে ছেলেমেয়েদের নিরাপত্তা নিয়ে তিনি সবসময় আতঙ্কে ভুগতেন বলেও বইতে উল্লেখ করেছেন সোনিয়া গান্ধী।