পুবের কলম ওয়েব ডেস্ক: ২০০৭ সালের ১০ নভেম্বর, তৎকালীন বাম সরকারের ‘অপারেশন সূর্যোদয়’-এর পর রক্তে ভেসেছিল নন্দীগ্রাম। দেখতে দেখতে ১৯ বছর কেটে গেলেও সেই নৃশংস ঘটনার স্মৃতি আজও ফিকে হয়নি। মঙ্গলবার নন্দীগ্রাম দিবস উপলক্ষে গোকুলনগরে গিয়ে সিপিএম এবং তৃণমূল—উভয় দলকেই একযোগে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে ব্যতিক্রমীভাবে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শোনা যায় তাঁর মুখে।
এদিন নন্দীগ্রামবাসীর উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, “আমি সেদিনও আপনাদের ছিলাম, আজও আছি। কিন্তু চোর তৃণমূলকে আর পাবেন না। আগামী একশো বছর ওদের নাম-নিশান থাকবে না। ওদের জমানায় ডেথ সার্টিফিকেটগুলো পর্যন্ত দেওয়া হয়নি।” এদিন গোকুলনগরে রং বদলে গেরুয়া করা একটি শহিদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী।
তৎকালীন বাম সরকারের নৃশংসতার কথা স্মরণ করতে গিয়ে তিনি বলেন, “সেদিন ১১ জনকে ধরে সিপিএমের পার্টি অফিসে নিয়ে গিয়ে টুকরো করে কেটে প্লাস্টিকে ভরে মাঝসাগরে ফেলে দেওয়া হয়েছিল। একজনেরও দেহ মেলেনি।” তাঁর অভিযোগ, এই ঘটনার পর অনেক প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল ১৫ বছর ক্ষমতায় থাকলেও নন্দীগ্রামের শহিদ পরিবারের জন্য কিছুই করেনি। এখনও বিচার পাননি তাঁরা।
তবে সেই সময়ের শাসক দলের সমালোচনা করলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি নরম সুর শোনা যায় শুভেন্দুর গলায়। তিনি বলেন, “অপারেশন সূর্যোদয়ের সময় বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, ‘দে হ্যাভ বিন পেড বাই দেয়ার ওন কয়েনস।’ আর বিমান বসু বলেছিলেন, ‘নতুন সূর্য উঠল নন্দীগ্রামে।’ ব্যক্তি বুদ্ধবাবু খুবই ভালো ছিলেন। আমার সঙ্গেও ভালো ব্যবহার করেছিলেন। কিন্তু ওঁদের দলটা ভালো নয়।”