পুবের কলম ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কলকাতা পুলিশের এক ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হল। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম একলাখ আহমেদ। সোমবার সকালে কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দার তরফে এই সাসপেনশনের নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, একজন সরকারি কর্মী হয়ে সরকার ও মুখ্যমন্ত্রীর উদ্দেশে এই ধরনের অবমাননাকর মন্তব্য করার ঘটনায় রাজ্য সরকার তদন্ত করবে।
পাশাপাশি, সাসপেন্ড থাকাকালীন ওই আধিকারিক তাঁর বেতনের অর্ধেক টাকা পাবেন।জানা গিয়েছে, কলকাতা পুলিশের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা চলার সময় মুখ্যমন্ত্রীকে নিয়ে একাধিক অশালীন মন্তব্য করেন ইনস্পেক্টর একলাখ আহমেদ। এই নিয়ে গ্রুপে বিতর্কের সৃষ্টি হলে তিনি কিছুক্ষণ পর সেই মন্তব্য মুছে দেন এবং ক্ষমাও চেয়ে নেন। কিন্তু তার আগেই ওই মন্তব্যের স্ক্রিনশট সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি লালবাজারের নজরে আসতেই অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়।
এর আগে সমাজমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে কলকাতা পুলিশের ডিসি নর্থ ৩ বিধান সাহা এবং ডিসি পোর্ট ২ পার্থপ্রতিম দাসের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিয়েছিল লালবাজার। সেই ঘটনার পরেই পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা বাহিনীর আধিকারিকদের সতর্ক করে দিয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, প্রশাসনের তরফে কোনও ভুল বার্তা গেলে তা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সোশাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে পুলিশ কর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে। কিন্তু পুলিশ কমিশনারের সেই কড়া বার্তার পরেও খোদ মুখ্যমন্ত্রীর উদ্দেশে অবমাননাকর মন্তব্য করে এবার শাস্তির মুখে পড়লেন ইনস্পেক্টর একলাখ আহমেদ।