পুবের কলম ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় সরকার শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলিতেই নয়, বরং গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে বদ্ধপরিকর। সম্প্রতি সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা স্পষ্ট করলেন কেন্দ্রীয় আইন ও সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।
সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, অভিন্ন দেওয়ানি বিধি কি কেবল বিজেপি শাসিত রাজ্যগুলিতেই সীমাবদ্ধ থাকবে? এর উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই আইনের একটি নির্দিষ্ট সাংবিধানিক ভিত্তি রয়েছে, তাই একে কয়েকটি রাজ্যে আটকে রাখার কোনও যৌক্তিকতা নেই।
প্রসঙ্গত, বিজেপির নির্বাচনী ইস্তেহারে বারবার অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, রাম মন্দির নির্মাণ এবং ৩৭০ ধারা অবলুপ্তির পর বিজেপি এখন এই বিষয়টিকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যে, ২০২৯ সালের আগেই বিজেপি ও এনডিএ শাসিত ২১টি রাজ্যে এই আইন কার্যকর হবে।
ইতিমধ্যেই ২০২৪ সালের ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ড দেশের প্রথম রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি পাশ করেছে। এছাড়া গোয়ায় দীর্ঘ বছর ধরে এই আইন চালু রয়েছে। পাশাপাশি গুজরাট, অসম এবং সম্প্রতি মধ্যপ্রদেশ সরকারের ক্যাবিনেট বৈঠকেও সর্বসম্মতভাবে এই আইন অনুমোদিত হয়েছে।