পুবের কলম, ওয়েবডেস্ক: পেট্রোলে নির্ধারিত ২০ শতাংশের চেয়ে বেশি ইথানল মেশানোর অভিযোগ ঘিরে কর্নাটকের তোলপাড়ের মধ্যেই এবার তৎপর হলো কেরল সরকার। পেট্রোলের গুণমান যাচাই করতে এবং ইথানলের মাত্রা পরীক্ষা করতে রাজ্যের চার জেলার পেট্রোল পাম্পগুলিতে আচমকা অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন কেরলের খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রী অনুপূ জ্যাকব।
আরও পড়ুন:
সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, ইথানলের পরিমাণ বেশি থাকার কারণে একাধিক গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমজনতার থেকে অভিযোগ পাওয়া গেছে। কর্ণাটকের ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষের আতঙ্ক ও আশঙ্কা দূর করতেই রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুন:
মন্ত্রী অনুপূ জ্যাকব জানিয়েছেন, প্রথম দফায় তিরুবনন্তপুরম, এরনাকুলাম, কোঝিকোড় এবং কান্নুর—এই চার জেলার বিভিন্ন পেট্রোল পাম্প থেকে এলোমেলোভাবে নমুনা সংগ্রহ করে সরকারি গবেষণাগারে পাঠানো হচ্ছে।
আগামী ১০ দিনের মধ্যে এই ল্যাব টেস্টের রিপোর্ট হাতে আসবে। তিনি কড়া বার্তা দিয়ে বলেন, "জ্বালানিতে ২০ শতাংশের বেশি ইথানল মেশানোর কোনো অনুমতি নেই। পরীক্ষায় যদি কোনো পাম্পে আইন লঙ্ঘনের প্রমাণ মেলে, তবে সেই আউটলেটটি সঙ্গে সঙ্গে সিল করে দেওয়া হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি ফৌজদারি মামলা শুরু করা হবে।" তিনি জানান, ২০০৫ সালের কেন্দ্রীয় মোটর স্পিরিট সংক্রান্ত নির্দেশিকা এবং ২০১৪ সালের রাজ্য বিজ্ঞপ্তির অধীনে সিভিল সাপ্লাই কমিশনার থেকে শুরু করে তালুক সাপ্লাই অফিসার স্তরের সমস্ত আধিকারিককে এই পরিদর্শন ও আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, সম্প্রতি কর্নাটক সরকার অভিযোগ তুলেছিল যে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি নির্ধারিত ২০ শতাংশ সীমার তোয়াক্কা না করে অতিরিক্ত ইথানলযুক্ত পেট্রোল সরবরাহ করছে। তবে সরকারি তেল সংস্থাগুলি কর্নাটকও কেরল—দুই রাজ্যের অভিযোগই আনুষ্ঠানিকভাবে খারিজ করে দিয়েছে।