পুবের কলম ওয়েব ডেস্ক: ফের নতুন আইনি জটিলতায় পড়তে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে এবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করার হুঁশিয়ারি দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে গোকুলনগরে গিয়ে এই ঘোষণা করেন তিনি। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, ত্রুটি থাকা সত্ত্বেও তৎকালীন যে রিটার্নিং অফিসার তাঁর মনোনয়ন গ্রহণ করেছিলেন, তাঁর বিরুদ্ধেও তদন্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, ২০২১ এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু।
অন্যদিকে, সোমবারই ১৩ বছরের পুরনো একটি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ২০১৩ সালের ওই মামলায় সরকারি কাজে বাধা দেওয়া এবং আধিকারিকদের উপর হামলার অভিযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পুলিশ প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুবিধা ও পছন্দমতো জায়গায় তাঁকে জিজ্ঞাসাবাদ করবে বলে খবর। এদিন এই বিষয়ে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে যান। তিনি জানান, ওই নোটিসের বিষয়ে তাঁর কিছু জানা নেই। তবে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে নতুন করে মামলা হতে চলেছে, সে কথাই ফের জোর দিয়ে জানান তিনি।