পুবের কলম ওয়েব ডেস্ক: ডিসেম্বরেই দেশে ফেরার কথা ঘোষণা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তাঁর প্রত্যাবর্তনের আগেই ফের চরমে উঠেছে অশান্তি। বস্ত্র শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠায় ঢাকা, গাজিপুর ও নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামানো হয়েছে।
জানা গিয়েছে, বাংলাদেশের বস্ত্র কারখানার শ্রমিকরা বর্তমানে ১২ হাজার ৫০০ টাকা বেতন পান।
এই শ্রমিক বিক্ষোভের মাঝেই দেশের বিভিন্ন প্রান্তে চরম হিংসা ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে ফরিদপুরে একটি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সেই সময় বাসের ভিতরে ঘুমিয়ে থাকা চালকের জীবন্ত দগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় দুষ্কৃতীরা ক্রুড বোমা নিয়ে হামলা চালায়। এরপর মঙ্গলবার ভোরে নেত্রকোণার মোহনগঞ্জ স্টেশনে ঢাকা থেকে আসা হাওর ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেওয়া হয়। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ার পরই ভোর ৫টা ১০ মিনিট নাগাদ অজ্ঞাতপরিচয় যুবকরা এই কাণ্ড ঘটায় বলে অভিযোগ। আগুনে ট্রেনের চারটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে রেল আধিকারিক ও দমকল এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ আওয়ামি লিগ এবং ছাত্রলিগের কর্মীরা আচমকা মিছিল বের করলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। তাঁদের বিরুদ্ধেও ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করেছে। শেখ হাসিনার জন্মস্থান ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জেও পুলিশের সঙ্গে আওয়ামি লিগ ও ছাত্রলিগের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে শিল্পাঞ্চলগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে সেনা ও পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ আধিকারিক শরিফুল ইসলাম জানান, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ড্রোন, বডি-ক্যামেরা-সহ অন্যান্য আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে।