পুবের কলম ওয়েবডেস্ক, দীপাবলির রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বচসা। সেই বিবাদ শেষ পর্যন্ত গুলিচালনায় গড়াল। প্রতিবেশীর ছোড়া গুলিতে মাথায় গুরুতর আঘাত পেলেন রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনাকর্মী। উত্তরপ্রদেশের বাগপতের এই ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তারা পলাতক।
আরও পড়ুন:
আহত সেনাকর্মীর নাম সৌরভ তোমর। বয়স ২৬ বছর। তিনি রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা দেহরক্ষী দলের সদস্য।
তাঁর বাড়ি উত্তরপ্রদেশের বাগপতে। দীপাবলির ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উৎসবের রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিলেন সৌরভ। সেই সময় আপত্তি জানান প্রতিবেশী ধীরজ ও তাঁর ভাই মনু। বাজি ফাটানো নিয়ে সৌরভের ভাই বিনীতের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় হাতাহাতি।
আরও পড়ুন:
অভিযোগ, বচসার মধ্যেই পিস্তল বের করেন ধীরজ।
এর পর গুলি চালান তিনি। গুলিটি প্রথমে একটি দেওয়ালে আঘাত করে। সেই দেওয়ালের কাছেই দাঁড়িয়েছিলেন সৌরভ। দেওয়ালে ধাক্কা খেয়ে গুলিটি তাঁর মাথায় লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।আরও পড়ুন:
ঘটনার পর সৌরভকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় অস্ত্রোপচার করে গুলি বের করেন চিকিৎসকেরা। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
এ দিকে গুলিচালনার পরেও পরিস্থিতি শান্ত হয়নি। অভিযোগ, সৌরভের পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দেন ধীরজ। এর পর দুই ভাই এলাকা ছেড়ে পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে সৌরভের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ধীরজ ও মনুর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুন:
তদন্তকারী পুলিশ আধিকারিক অংশু জৈন জানিয়েছেন, দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। দ্রুত তাঁদের গ্রেফতার করা হবে।পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে বিয়ে হয়েছিল সৌরভের। তাঁর ন’মাসের একটি সন্তান রয়েছে।